HIMANTA BISWA SHARMA : ‘মুসলিম মহিলারাই ভুক্তভোগী’ – অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় দাবি হিমন্ত বিশ্বশর্মার
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি (UCC) লাগুর পক্ষে জোরালো সওয়াল করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (HIMANTA BISWA SHARMA ) । উত্তরপ্রদেশ সফরে গিয়ে তিনি বলেন, বহুবিবাহের মতো প্রথার কারণে মুসলিম মহিলারাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বস্তি জেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (HIMANTA BISWA SHARMA ) স্পষ্ট জানান, অসমে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়েছে এবং এবার তা সারা দেশে লাগু হওয়া উচিত। তাঁর বক্তব্য, ব্যক্তিগত আইনের ফাঁকের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মহিলারা। বিশেষ করে বহুবিবাহের মতো প্রথা তাঁদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করছে।
হিমন্ত (HIMANTA BISWA SHARMA ) বলেন, “সভ্য সমাজে একজন মানুষ তিন-চারটে বিয়ে করবে, এটা মেনে নেওয়া যায় না। একজন মহিলার মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে সবার জন্য একটাই আইন থাকা প্রয়োজন।” তাঁর মতে, ধর্মের ভিত্তিতে আলাদা আলাদা আইন থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
এদিন শুধু UCC নিয়েই নয়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও মুখ খোলেন হিমন্ত। বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ক্ষমতা পরিবর্তনের দাবিতে দিল্লিতে বিরোধীদের যে বিক্ষোভ চলছে, তাকে কটাক্ষ করে তিনি বলেন, “ক্ষমতা আসে নির্বাচনের মাধ্যমে, কোনও গা-জোয়ারিতে নয়। যারা ভয় দেখিয়ে সরকার বদলানোর স্বপ্ন দেখছে, তারা বাংলাদেশ আর নেপালের দিকে তাকাক। সেখানে গা-জোয়ারির রাজনীতির পরিণতি কী হয়েছে, সবাই দেখেছে।”
তিনি আরও দাবি করেন, দিল্লির ওই বিক্ষোভে মাত্র ৫ থেকে ১০ হাজার মানুষের জমায়েত হয়েছিল, তাই একে গণআন্দোলন বলা যায় না।
প্রসঙ্গত, এই বক্তব্যের ঠিক আগের সপ্তাহেই অসম বিধানসভায় পাশ হয়েছে বহুবিবাহ নিষিদ্ধ বিল। নতুন আইন অনুযায়ী, প্রথম বিয়ে আইনিভাবে বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। আগের বিয়ে গোপন করে বিয়ে করলে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যারা জেনেশুনে এই ধরনের বহুবিবাহ সম্পন্ন করাবেন, তাঁদের সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জরিমানা ও কারাদণ্ড হতে পারে। এমনকি পুলিশ বা প্রশাসনকে তথ্য না জানালে বা দেরি করলে ২ বছর পর্যন্ত জেল ও ১ লক্ষ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে।
সব মিলিয়ে হিমন্ত বিশ্বশর্মার বার্তা স্পষ্ট, নারীর অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হলে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা ছাড়া বিকল্প নেই। অসম মডেলকেই এবার জাতীয় স্তরে নিয়ে যাওয়ার পক্ষে জোরালো সওয়াল করলেন তিনি।
