রেললাইনের ধারে মিলল বাংলার শ্রমিকের দেহ
কিউ ইন্ডিয়া বাংলা :- চেন্নাইতে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম আলমগির আলম (২৯)। তিনি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকার বাসিন্দা। আটদিন নিখোঁজ থাকার পর রেললাইনের ধারে জঙ্গল থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
পরিবারের অভিযোগ, আলমগিরকে খুন করা হয়েছে। খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা। আলমগির ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মৃত্যুতে দুই ছোট সন্তানকে নিয়ে অসহায় অবস্থায় পড়েছেন স্ত্রী।
আলমগিরের ভাই আবু সামা জানান, কাজের জন্য দাদা চেন্নাইতে গিয়েছিলেন। প্রায় নয় দিন আগে অন্য একটি কাজের খোঁজে চেন্নাই থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল তাঁর। ট্রেনে ওঠার আগে স্ত্রী হাবানুর খাতুনের সঙ্গে ফোনে কথা হয়। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ হয়ে যায়।
দীর্ঘ আটদিন ধরে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। সহকর্মীরা বিষয়টি স্থানীয় থানায় জানিয়েছিলেন। শেষ পর্যন্ত চেন্নাইয়ের যে স্টেশন থেকে তিনি ট্রেনে ওঠার কথা ছিল, তার পরের স্টেশনের কাছে রেললাইনের ধারে জঙ্গল থেকে আলমগিরের দেহ উদ্ধার হয়। বুধবার রাতে এই খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। শোকের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে চিন্তায় দিন কাটছে পরিবারের। চেন্নাই থেকে দেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চাওয়া হয়েছে। প্রশাসনের তরফে পরিবারকে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।
