‘থ্রি ইডিয়টস’ থেকে ‘ফোর ইডিয়টস’! নতুন চমক নিয়ে ফিরছেন রাজকুমার হিরানি
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো শুধু বক্স অফিসে সফল হয়নি বরং প্রজন্মের পর প্রজন্ম দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তার মধ্যে রাজকুমার হিরানির পরিচালিত অন্যতম নাম ‘থ্রি ইডিয়টস’। মুক্তির দেড় দশকের বেশি সময় পর আবারও সেই প্রিয় তিন বন্ধুকে বড় পর্দায় ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক রাজকুমার হিরানি। এবার ছবির সম্ভাব্য নাম ‘ফোর ইডিয়টস’ বলেই জোর গুঞ্জন।
দীর্ঘদিন ধরেই এই সিক্যুয়েল নিয়ে নানা জল্পনা চলছিল। কখনও শোনা গিয়েছে চিত্রনাট্য প্রস্তুত, আবার কখনও অভিনেতাদের বক্তব্যে সেই জল্পনা থেমে গিয়েছিল। তবে এবার পরিচালক নিজেই জানিয়েছেন, নতুন ছবির পরিকল্পনা অনেকটাই এগিয়ে গিয়েছে এবং গল্পও একেবারে অন্য মাত্রা পেতে চলেছে।সবচেয়ে বড় সুখবর হলো, প্রথম ছবির জনপ্রিয় তারকারাই ফিরছেন নতুন অধ্যায়ে।র্যাঞ্চোর ভূমিকায় আমির খান, পিয়ার চরিত্রে করিনা কাপুর, রাজু রস্তোগি হিসেবে শর্মন যোশি এবং ফারহানের চরিত্রে আর মাধবনকে আবারও একসঙ্গে দেখা যাবে। পুরনো বন্ধুত্বের সেই রসায়নই হবে ছবির অন্যতম আকর্ষণ।
তবে এবার গল্প আর কলেজ ক্যাম্পাসে আটকে থাকবে না। ‘থ্রি ইডিয়টস’-এর ঘটনার প্রায় কুড়ি বছর পরের সময়কে কেন্দ্র করেই এগোবে নতুন কাহিনি। তিন বন্ধু এখন আর ছাত্র নয় প্রত্যেকেই নিজ নিজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। ব্যক্তিগত জীবনেও এসেছে বড় পরিবর্তন। তারা এখন বিবাহিত, সন্তান রয়েছে, পরিবার ও দায়িত্বের চাপও বেড়েছে। এই নতুন জীবনের নানা চ্যালেঞ্জ, সম্পর্কের টানাপোড়েন এবং বন্ধুত্বের অটুট বন্ধন নিয়েই তৈরি হচ্ছে নতুন গল্প।
রাজকুমার হিরানি জানিয়েছেন, ছবিতে থাকবে একেবারে নতুন ধরনের অ্যাডভেঞ্চার অর্থাৎ, দর্শক যেমন হাসবেন, তেমনই জীবনের নানা বাস্তবতার সঙ্গে নিজেদেরও মিল খুঁজে পাবেন।২০২৬ সালের মাঝামাঝি সময়ে ছবির শুটিং শুরু হতে পারে। যদিও আনুষ্ঠানিক মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি, তবুও এই খবরেই উচ্ছ্বসিত ‘থ্রি ইডিয়টস’-এর অসংখ্য অনুরাগী।দীর্ঘ ২০ বছর পর রাজু, র্যাঞ্চো এবং ফারহানের জীবনের নতুন অধ্যায় ‘ফোর ইডিয়েটস্’কীভাবে পর্দায় ফুটে উঠবে সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহলের বিষয়।
