ইডি দপ্তরে জোড়া মেগা হাজিরা! একদিকে সোনা পাপ্পু, অন্যদিকে পাঁচু রায়
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: সোমবার সপ্তাহের শুরুতেই সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে হাইপ্রোফাইল হাজিরার ধুম। একদিকে কোটি কোটি টাকার জমি দুর্নীতি, প্রতারণা ও হাওয়ালা মামলায় অবশেষে ইডি আধিকারিকদের মুখোমুখি হলেন ‘নিখোঁজ’ সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডির তল্ব পেয়ে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা পাঁচু রায়।
স্ত্রীকে নিয়ে ইডি দপ্তরে সোনা পাপ্পু
গোলপার্কের কাঁকুলিয়া বোমা-গুলি কাণ্ডের পর থেকেই কার্যত ‘বেপাত্তা’ ছিলেন সোনা পাপ্পু। পুলিশ তাঁর খোঁজ না পেলেও মাঝেমধ্যেই সমাজমাধ্যমে লাইভ করতে দেখা যেত তাঁকে, যা নিয়ে উঠেছিল একাধিক প্রশ্ন। এর মাঝেই জমি দুর্নীতি ও প্রতারণা মামলায় তাঁর নাম জড়ায় এবং ইডি একাধিকবার নোটিস পাঠালেও তিনি হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন। অবশেষে আজ, সোমবার সবাইকে চমকে দিয়ে সোনা পাপ্পু সশরীরে হাজিরা দিলেন সিজিও কমপ্লেক্সে। তবে একা নন, তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। হাজিরা দিতে যাওয়ার সময় পাপ্পু দাবি করেন, “আমি কোথাও পালিয়ে যাইনি, কোনও অন্যায়ও করিনি। ইডি ডেকেছে, তাই তদন্তে সহযোগিতা করতেই হাজিরা দিতে এলাম।”
উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও নগদ কোটি কোটি টাকা
তদন্তকারীদের সূত্রে খবর, জমি দুর্নীতি মামলার তদন্তে নেমে কিছুদিন আগেই সোনা পাপ্পুর বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখান থেকে নগদ কয়েক কোটি টাকা এবং বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এই মামলার তদন্তে নেমে ইডি ইতিমধ্যেই পাপ্পুর ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামরা এবং কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহাকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে এদের মধ্যে গভীর হাওয়ালাযোগের তথ্য। ধৃতদের বয়ানের ভিত্তিতেই এদিন সোনা পাপ্পুকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
পুর নিয়োগ দুর্নীতিতে তৎপরতা: সুজিত বসুর মুখোমুখি বসিয়ে জেরা হতে পারেন পাঁচু রায়
অন্যদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের কোমর বেঁধে নামল ইডি। আজ সল্টলেকের ইডি দপ্তরে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়। কিছুদিন আগেই তাঁকে এই মামলায় সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা।
ইডি সূত্রে খবর, দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান থাকাকালীন পাঁচু রায়ের মেয়াদে নিয়োগে ব্যাপক বেনিয়ম ও টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। এই মামলায় ইতিপূর্বে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে দফায় দফায় জেরার পর গ্রেপ্তার করেছে ইডি।
সুজিত বসুর বয়ানে নতুন তথ্য
জানা যাচ্ছে, ধৃত সুজিত বসুকে জেরা করে সাম্প্রতিককালে বেশ কিছু নতুন ও বিস্ফোরক তথ্য হাতে এসেছে ইডি গোয়েন্দাদের। সেই নতুন তথ্যের ওপর ভিত্তি করেই আজ পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, বয়ানের অসঙ্গতি খতিয়ে দেখতে প্রয়োজনে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে এই তৃণমূল নেতাকে। বঙ্গ ভোটের আগে থেকেই পুর নিয়োগ মামলার তদন্তে যেভাবে গতি বাড়িয়েছে ইডি, তাতে এই জোড়া হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
