সকাল থেকেই তারাপীঠে ভক্তদের ঢল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। নববর্ষের দিনটা আর পাঁচটা দিনের থেকে আলাদা। কমবেশি সকলেই এদিনে নানারকম পরিকল্পনা রাখেন। রীতি মেনে এই দিনে সকাল সকাল গঙ্গায় স্নান সেরে লক্ষ্মী-গণেশ এর পুজো দিয়ে হাল খাতা করে। আজকের এই পূণ্যলগ্নে সকলেই পূজো দিয়ে দিন শুরু করেন। কেউ কালীঘাট, কেউ বা দক্ষিণেশ্বর, কেউ বা বাড়ির কাছের কোন মন্দিরে।
প্রতিবারের মতোই এবার পয়লা বৈশাখেও তারাপীঠে ভক্তদের ঢল। সূর্যোদয়ের আগে থেকেই দূর-দূরান্তের প্রার্থীরা ডালা হাতে দাঁড়িয়েছেন লাইনে। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা ভোর থেকেই ফুলের ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে। এমনকি স্থানীয় ব্যবসায়ীরাও মা তারার আশীর্বাদ নিতে হাজির হয়েছেন। এদিন সকালে মা তারার পুজো দিলেন রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী ধ্রুব সাহা।
প্রতিবছরের মতন এবছরও নিয়ম মেনে কাকভোরে মা’কে স্নান করানো হয়। তারপর শুরু হয় মঙ্গল আরতি। রীতিমেনে এরপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মায়ের গর্ভগৃহের দ্বার। আজ, বুধবার দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভোগের থালায় থাকবে ভাত, ডাল, ৫ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, পোলাও, শোল মাছ পোড়া, পায়েস। যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগমও বেশি তাই মন্দির কমিটির পক্ষ থেকে ভিড় মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি।
