সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল বিধায়কদের সই জাল কাণ্ডে এবার জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন প্রবীণ বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শনিবার সকালে তাঁর ভবানীপুরের বাড়িতে হাজির হয় সিআইডির ৬ সদস্যের দল। প্রায় আধ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
সূত্রের খবর, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে অবস্থিত তৃণমূলের পার্টি অফিসে বিধায়কদের সই সংগ্রহের দিন ঠিক কী কী ঘটেছিল, তা জানতেই শোভনদেবের বাড়িতে যায় সিআইডি। রাজ্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে ওই দিনের ঘটনাক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান আধিকারিকরা।
উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল বিধায়কদের সই জাল করে গুরুত্বপূর্ণ নথি তৈরির অভিযোগ সামনে আসে। সেই তদন্তেই একের পর এক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। এর আগেও একাধিক তৃণমূল নেতা-বিধায়কের সঙ্গে কথা বলেছে তদন্তকারী সংস্থা। শোভনদেব চট্টোপাধ্যায় দলের অত্যন্ত প্রবীণ ও গুরুত্বপূর্ণ নেতা হওয়ায় তাঁর বয়ানকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সিআইডি।
সই জাল কাণ্ডের তদন্তে ক্রমশ জাল গোটাচ্ছে সিআইডি। শোভনদেব চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের পর এই মামলায় আরও নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আপাতত গোটা ঘটনার উপর নজর রাখছে রাজনৈতিক মহল।
