আজকের দিনেবাংলার আয়না

ভোটের আগেই গুলিবিদ্ধ বিজেপি নেতা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,গঙ্গাসাগর :- রাজ্যে এখনো অবধি নির্বাচন ঘোষণা হয়নি । নির্বাচনকে পাখির চোখ করে প্রচারে নেমে পড়েছে ডান বাম সব পক্ষই । এই পরিস্থিতির মধ্যে গঙ্গাসাগরের কোস্টাল থানা এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন এক বিজেপি কর্মী। এলাকার বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালীকে লক্ষ্য করে দুই দুষ্কৃতি গুলি চালায় । গুলির আঘাতে গুরুতরভাবে জখম হন ওই বিজেপি নেতা । তাকে উদ্ধার করে স্থানীয় সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়।

সূত্রের খবর আজ সকাল আটটা নাগাদ বাইকে করে দুই দুষ্কৃতী ত্রিলোকেশ ঢালী কে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময় তিনি প্রতিদিনের মতো এলাকায় বেরিয়েছিলেন। গুলি চালানোর পরেই তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে চম্পট দেন দুষ্কৃতীরা । সেখানেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ত্রিলোকেশ। গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা , তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তারা । দ্রুত পুলিশে খবর দেওয়া হয় । অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে । ইতিমধ্যেই ওই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও শুরু হয়েছে বলে খবর । ঠিক কি কারনে ত্রিলোকেশ ঢালীর ওপর গুলি চললো তা এখনো স্পষ্ট নয়। তবে পরিবারের সদস্যরা এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন ।

গুলিবিদ্ধ ত্রিলোকেশ ঢালির ছেলে ত্রিদিব ঢালী বলেন ” আসন্ন বিধানসভা নির্বাচনে বাবার বিজেপির টিকিট পাওয়ার সম্ভাবনা ছিল। সেই কারণেই রাজ্যের শাসক দলের মধ্যে দুষ্কৃতীরা বাবাকে খুনের চেষ্টা করেছে” । রাজ্যের শাসক দল ত্রিলোকেশ ঢালীর ছেলের এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেছে। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন ” বিজেপির অভ্যাসে পরিণত হয়েছে যে কোন কিছুতেই তৃণমূলকে দোষ দেওয়া । এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল । আমরা চাই পুলিশ এই ঘটনায় অভিযুক্তদের ধরে দ্রুত যোগ্য শাস্তির ব্যবস্থা করুক “।

প্রসঙ্গত গতকালই বঙ্গ সফর সেরে ফিরে গিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার । পশ্চিমবঙ্গে তিনি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিয়েছিলেন । কিন্তু সেই বক্তব্যের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিরোধী দলের এক নেতা গুলিবিদ্ধ হলেন । রাজ্যে এখনো নির্বাচন ঘোষণা হয়নি তার আগেই যদি এই ধরনের ঘটনা ঘটে নির্বাচনের সময় অথবা নির্বাচনের পরবর্তীকালে কি পরিস্থিতি হবে সেই নিয়ে আশঙ্কায় রয়েছেন। রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *