থানেতে সিমেন্ট মিক্সার ও ভ্যানের সংঘর্ষে মৃত ৯, উত্তরপ্রদেশে বাস-ট্রাক লড়াইয়ে মৃত ৬
মুম্বই ও লখনউ: দেশের দুই প্রান্তে দুটি পৃথক পথ দুর্ঘটনায় ঝরল ১৫টি তাজা প্রাণ। সোমবার সকালে মহারাষ্ট্রের থানেতে একটি সিমেন্ট মিক্সার গাড়ি ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, রবিবার রাতে উত্তরপ্রদেশের ধৌলানায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে বাস ও ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৬ জন।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ থানের একটি সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী ভ্যান সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিমেন্ট মিক্সার গাড়ির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানের ৯ জন যাত্রীর মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরও ৩ জন।
খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মিক্সার গাড়ি বা ভ্যানটির অতিরিক্ত গতিই এই মারণ দুর্ঘটনার মূল কারণ।
রবিবার রাতে উত্তরপ্রদেশের হাপুড় জেলার ধৌলানা-গুলাবতী রোডের ওপর অন্য একটি দুর্ঘটনাটি ঘটে। একটি বিয়েবাড়ি থেকে আমন্ত্রিতদের নিয়ে ফিরছিল বাসটি। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে বাসটি। বাসের ৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও ৭ জন, যাঁদের অবস্থা আশঙ্কাজনক। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।
২৪ ঘণ্টার ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট এলাকাগুলিতে। পুলিশ প্রশাসন জানিয়েছে, মৃতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে বিশদ তদন্ত শুরু হয়েছে।
