তাঁর বিরুদ্ধে কটি মামলা? হলফনামা জমা দেওয়ার আগে পুলিশি তথ্যের অপেক্ষায় হাইকোর্টে দিন্দা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে ময়না কেন্দ্র থেকে ফের বিজেপির টিকিটে লড়ছেন বিদায়ী বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। কিন্তু নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আগে এক অদ্ভুত আইনি জটিলতায় পড়েছেন তিনি। নিজের বিরুদ্ধে রাজ্যে ঠিক কতগুলি ফৌজদারি মামলা রয়েছে, তা জানতে চেয়ে এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন এই বিজেপি প্রার্থী।
শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি হয়। দিন্দার আবেদনের প্রেক্ষিতে আদালত রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তকে নির্দেশ দিয়েছে যে, আগামী বুধবারের মধ্যে জানাতে হবে রাজ্যের পুলিশ এলাকাগুলিতে আবেদনকারীর বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা ঝুলে রয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁকে হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তির পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত বিচারাধীন মামলার বিবরণ দিতে হয়। ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।
মনোনয়নের সময়সীমা: আগামী ৬ এপ্রিল ময়না আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।
ভোটের নির্ঘণ্ট: ২৩ এপ্রিল ময়নায় ভোটগ্রহণ।
আসল সমস্যা: অশোক দিন্দার অভিযোগ, নিজের বিরুদ্ধে থাকা মামলার হদিস জানতে তিনি পুলিশের কাছে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশের তরফ থেকে তাঁকে কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। সময় কমে আসায় বাধ্য হয়েই তিনি আইনি সুরক্ষার জন্য হাইকোর্টের কড়া নাড়েন।
এদিন শুনানিতে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছরের আগস্ট মাসে নিউ মার্কেট থানায় দিন্দার বিরুদ্ধে একটি FIR দায়ের হয়েছিল। কলকাতা পুলিশ এলাকায় সেটিই একমাত্র মামলা। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এখনও পর্যন্ত কোনও পূর্ণাঙ্গ তথ্য আদালতকে জানাতে পারেনি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখে রাজ্য পুলিশের ডিজিপি-কে নির্দেশ দিয়েছেন, আগামী বুধবারের মধ্যে রাজ্যজুড়ে দিন্দার বিরুদ্ধে থাকা মামলার সঠিক পরিসংখ্যান আদালতকে জানাতে হবে। রাজ্য পুলিশ বুধবার কী রিপোর্ট জমা দেয় এবং তার ভিত্তিতে অশোক দিন্দা নির্বিঘ্নে মনোনয়ন জমা দিতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
