আজকের দিনেভারত

​আইএস মডিউলে নাম লিখিয়ে শ্রীঘরে ডাক্তারি ছাত্র, উত্তরপ্রদেশে পুলিশের বড় সাফল্য

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, লখনউ: ভারতের মাটিতে নাশকতার জাল বিস্তারের বড়সড় ছক বানচাল করল উত্তরপ্রদেশ পুলিশের জঙ্গিদমন শাখা (এটিএস)। অনলাইন মাধ্যমে মধ্যপ্রাচ্যের কুখ্যাত জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)-এর সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ১৯ বছর বয়সি এক ডাক্তারি পড়ুয়াকে। ধৃত যুবকের নাম হরিশ আলি, সে বিডিএস (ডেন্টাল) দ্বিতীয় বর্ষের ছাত্র।
তদন্তকারী আধিকারিকদের মতে, সাহারানপুরের বাসিন্দা হরিশ দীর্ঘক্ষণ ইন্টারনেটে আইসিসের বিভিন্ন উগ্রপন্থী প্রচারের সঙ্গে যুক্ত ছিল। এটিএস সূত্রে জানা গিয়েছে,  সামাজিক মাধ্যম ও বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে হরিশকে মগজধোলাই করা হয়েছিল। ভার্চুয়াল মাধ্যমেই জঙ্গি হওয়ার প্রাথমিক পাঠ এবং নির্দেশাবলী গ্রহণ করছিল এই তরুণ। আইএসের আদর্শ প্রচার এবং জেহাদে উদ্বুদ্ধ করতে ওই অনলাইন গোষ্ঠীটি নিয়মিত চরমপন্থী সাহিত্য আদান-প্রদান করত।
​ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে আগে থেকেই খবর ছিল যে, উত্তরপ্রদেশসহ দেশের বিভিন্ন প্রান্তে আইএসের আদর্শ প্রচারে একটি সক্রিয় অনলাইন মডিউল কাজ করছে। এই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে এটিএস এবং তাদের জালে ধরা পড়ে হরিশ। “আইএস এখন সরাসরি লড়াইয়ের পাশাপাশি অনলাইন মাধ্যমে শিক্ষিত যুবকদের নিয়োগের দিকে বেশি নজর দিচ্ছে। হরিশ আলির মতো তরুণদের ফাঁদে ফেলাই ছিল এই মডিউলের মূল লক্ষ্য,” জানিয়েছেন এক পদস্থ আধিকারিক।
​​পুলিশ খতিয়ে দেখছে যে, হরিশের সঙ্গে আরও কতজন যুবক এই মডিউলের মাধ্যমে যুক্ত হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ধারণা, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এটি একটি বড়সড় ষড়যন্ত্রের অংশ হতে পারে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের শিকড় পর্যন্ত পৌঁছাতে চাইছে এটিএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *