Amit Shah : রাষ্ট্রপতির বঙ্গ সফরে তৃণমূলের বিরুদ্ধে অপমানের অভিযোগ অমিত শাহের !
কিউ ইন্ডিয়া বাংলা :- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর ঘিরে একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শাসকদলের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজের এক্স হ্যান্ডেলে এ তিনি লেখেন, ” পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আজ তাদের অরাজক আচরণের মাধ্যমে আরো একবার নিচে নেমেছে। ভারতের রাষ্ট্রপতিকে প্রকাশ্যে প্রোটোকল অমান্য করে অপমান করার ঘটনা সেই কথাই প্রমাণ করে। এই ঘটনার স্পষ্ট করে দিচ্ছে যে তৃণমূল সরকারের ভিতরে কতটা অবক্ষয় তৈরি হয়েছে, তারা যেমন ইচ্ছা মত নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তেমনি দেশের রাষ্ট্রপতিকে তাদের এই আচরণ থেকে রেহাই দেয় না” ।দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর পাশাপাশি বাংলার বিজেপি নেতারাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ।
বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন ” পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ একটি কালো দিন, যে আচরণ আজকে তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সরকার মহামহিম রাষ্ট্রপতির সঙ্গে করলেন , যেভাবে আদিবাসী সম্প্রদায়কে অপমানিত করা হলো তা অত্যন্ত ঘৃণার অত্যন্ত উদ্বেগের । সারা পশ্চিমবঙ্গের মানুষ সারা দেশের মানুষ এই ঘৃণ্য আচরণের প্রতিবাদ করবে, রুখে দাঁড়াবে ” । রাষ্ট্রপতির সফর দিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও ।
প্রসঙ্গত আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি উত্তরবঙ্গে এসেছিলেন । এমন অভিযোগ উঠে আসছে নির্ধারিত যে স্থানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেখানে রাজ্য সরকার অনুমতি দেয়নি, তাই সভাস্থল পরিবর্তন করতে হয়েছে। এছাড়া রাষ্ট্রপতি সফরে সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের কোন মন্ত্রী থাকা উচিত। কিন্তু শুধুমাত্র শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়েছিলেন। এছাড়া কোন মন্ত্রী রাষ্ট্রপতির অনুষ্ঠানে ছিলেন না যেটা নিয়ে প্রোটোকল ভঙ্গের অভিযোগ উঠে আসছে।
