স্পিকার ওম বিড়লাকে সরানোর লড়াইয়ে মমতার সবুজ সংকেত, দিল্লির দরবারে ফের একজোট বিরোধীরা
কিউ ইন্ডিয়া বাংলা, নয়া দিল্লিঃ- লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে বিরোধী শিবিরের আনা ‘অনাস্তা’ বা অপসারণ প্রস্তাবে শেষ পর্যন্ত সমর্থনের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রে খবর, খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদক্ষেপে শামিল হচ্ছে পশ্চিমবঙ্গের শাসকদল। সোমবার থেকে শুরু হতে যাওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এই ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ।
তৃণমূল নেতৃত্বের দীর্ঘদিনের অভিযোগ, সংসদীয় কার্যপ্রণালী পরিচালনার ক্ষেত্রে বিরোধীদের ন্যায্য সুযোগ দেওয়া হচ্ছে না। বিশেষ করে তৃণমূল সাংসদদের অভিযোগ, সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় বিরোধী সাংসদদের মাইক বন্ধ করে দেওয়া বা পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ। সংসদীয় রীতিনীতি বজায় রাখার ক্ষেত্রে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন।
গত ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলাকালীন কংগ্রেসের নেতৃত্বে একাধিক বিরোধী দল স্পিকারের অপসারণের দাবিতে নোটিস জমা দিয়েছিল। বর্তমান নিয়ম অনুযায়ী, স্পিকারকে সরাতে গেলে একটি নির্দিষ্ট সংখ্যক সাংসদের সমর্থিত প্রস্তাব প্রয়োজন হয়। জানা গেছে, বিরোধীদের জমা দেওয়া ওই নোটিসে ইতিপূর্বেই প্রায় ১১৮ জন সাংসদের স্বাক্ষর রয়েছে। এবার তৃণমূল সাংসদদের গণস্বাক্ষরের ফলে সেই সংখ্যা আরও বাড়তে চলেছে, যা শাসক শিবিরের ওপর বাড়তি চাপ তৈরি করবে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই যোগদানের ফলে ‘ইন্ডিয়া’ জোটের সমন্বয় আরও মজবুত হলো। সংসদের ভেতরে যেমন এই নিয়ে সওয়াল হবে, তেমনই সংসদের বাইরেও বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে বিরোধী দলগুলোর। তৃণমূলের এই অবস্থান কেবল সংসদীয় লড়াই নয়, বরং জাতীয় স্তরে বিজেপি-বিরোধী মেরুকরণকে আরও স্পষ্ট করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
