আজকের দিনেতিলোত্তমা

বোমা মেরে ভিক্টোরিয়া মেমোরিয়াল উড়িয়ে দেওয়ার হুমকি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলাঃ-  শহর কলকাতার ঐতিহ্যের প্রতীক ভিক্টোরিয়া মেমোরিয়াল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হলো। শুক্রবার মেমোরিয়াল কর্তৃপক্ষের কাছে একটি হুমকি চিঠি বা ইমেল পৌঁছতেই তীব্র আতঙ্ক ছড়ায় পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে।
​সূত্র মারফত জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের আধিকারিকদের কাছে একটি বার্তা আসে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে গোটা স্মৃতিসৌধটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ঘটনার গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় লালবাজার এবং স্থানীয় হেস্টিংস থানায় ।
​খবর পাওয়ামাত্রই কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং বম্ব ও ডগ স্কোয়াডের বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পর্যটকদের দ্রুত এলাকা থেকে সরিয়ে দিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। মেমোরিয়ালের আনাচ-কানাচ মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো সন্দেহজনক বস্তু উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, আদালত এবং পাসপোর্ট অফিসে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শিয়ালদহ ও ব্যাংকশাল কোর্ট এবং পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতেও একই ধরনের ভুয়ো ইমেল পাঠিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল। সম্প্রতি উত্তর ২৪ পরগনা থেকে সৌরভ বিশ্বাস নামে এক যুবককে এই ধরনের একাধিক হুমকি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। যেহেতু ধর্মতলার মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না কর্মসূচি চলছে, তাই আশেপাশের এলাকায় এমনিতেই পুলিশি তৎপরতা তুঙ্গে। হুমকির উৎস কী এবং এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে লালবাজারের গোয়েন্দা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *