এসআইআর বিতর্কে সুপ্রিমে রাজ্য, কমিশনের উপর আস্থা রাখার বার্তা শীর্ষ আদালতের
কিউ ইন্ডিয়া বাংলা :- এসআইআর ইস্যুতে ফের দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মানছে না এবং জুডিশিয়াল অফিসারদের সরাসরি নির্দেশ দিচ্ছে এই অভিযোগ তুলে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায়। রাজ্যের হয়ে এদিন সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল।
এসআইআর প্রসঙ্গে রাজ্যে আগে থেকেই বিতর্ক চলছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পক্ষপাতদুষ্ট আচরণ করছে। ভোটাধিকার রক্ষার প্রশ্ন তুলে তিনি নিজেও সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সেই সময় আদালত একাধিক নির্দেশ দিয়েছিল।
রাজ্যের দাবি, সেই নির্দেশ যথাযথভাবে মানা হচ্ছে না। বিশেষ করে জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ ও নির্দেশ দেওয়া নিয়ে আপত্তি তোলা হয়। অভিযোগ, হাই কোর্টকে না জানিয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কমিশন। ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলা হয়েছে আদালতে।
তবে শুনানির সময় সুপ্রিম কোর্ট কমিশনের প্রতি আস্থা ও ভরসা রাখার পরামর্শ দেয়। আদালতের পর্যবেক্ষণ, নির্বাচন প্রক্রিয়ায় অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব কমিশনেরই। জুডিশিয়াল অফিসারদের ভূমিকা নিয়ে অযথা সন্দেহ প্রকাশ না করারও নির্দেশ দেওয়া হয়। একই ইস্যুতে বারবার আদালতের দ্বারস্থ হওয়া নিয়েও উষ্মা প্রকাশ করে শীর্ষ আদালত জানায়, এই বিষয়ে অনাবশ্যক পুনরাবৃত্তি এড়ানো উচিত।
এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সুপ্রিম কোর্টের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
