আজকের দিনেবাংলার আয়না

চলন্ত লোকাল ট্রেনে সন্তান প্রসব

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি । গতকাল বৃহস্পতিবার ১৯ শে ফেব্রুয়ারি আজিমগঞ্জ কাটোয়া শাখার একটি লোকাল ট্রেনে এই ঘটনাটি ঘটে। সূত্রের খবর মুর্শিদাবাদের চালিতপুর থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সুন্দরী বিবি । প্রসব বেদনা শুরু হয় তাকে কাটোয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করতে নিয়ে আসা হচ্ছিল । ট্রেনটির গন্তব্যে পৌঁছানোর আগেই আচমকায় তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয় । আর যাত্রীদের সহযোগিতায় ট্রেনের কামরার মধ্যেই পুত্র সন্তানের জন্ম দেন সুন্দরী বিবি।

চলন্ত ট্রেনে এই ধরনের ঘটনায় যাত্রীরা প্রথমে কিছুটা অবাক হয়ে পড়লেও তারা দ্রুত মানবিকতার পরিচয় দেন । মহিলা যাত্রীদের কিছু জন কাপড় দিয়ে আড়াল তৈরি করেন এবং প্রসূতি কে সাহায্য করেন । অন্যান্য যাত্রীরা জল ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পাশে দাঁড়ান । ট্রেনটি কাটোয়া স্টেশন পৌঁছাতেই জিআরপির সহযোগিতায় মা ও নবজাতককে দ্রুত ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মা ও সদ্যোজাত পুত্র সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। সংবাদ মাধ্যমকে কাটোয়া জিআরপির ওসি তন্ময় পুরকাইত জানান , ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গিয়েছে সুন্দরী বিবি মুর্শিদাবাদ জেলার সালার থানার বাসিন্দা আলিম আনসারীর স্ত্রী । এটি তাদের তৃতীয় সন্তান । সুন্দরী বিবি সংবাদমাধ্যমকে জানান , এত দ্রুত প্রসব হয়ে যাবে ভাবতেই পারেননি তিনি । ট্রেনের সহযাত্রীদের সহায়তা ও জিআরপির দ্রুত পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ। সুন্দরী বিবির স্বামী আলীম আনসারী কর্মসূত্রে কেরলে রাজমিস্ত্রির কাজ করেন । জিআরপির মাধ্যমে এই খবর পেয়ে তিনি ও আনন্দে আপ্লুত হয়ে যান ।

চলন্ত ট্রেনের মধ্যে এইভাবে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, এমনই রেলের সহযাত্রী ও রেল পুলিশের মানবিক ভূমিকা নিয়ে চারিদিকে প্রশংসার ঝড় বয়ে গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *