বনগাঁয় বিষ খাইয়ে একাধিক পথকুকুর হত্যা?
কিউ ইন্ডিয়া বাংলা :- বনগাঁর নতুনগ্রাম এলাকায় ১৫-র বেশি পথকুকুরকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক দিন ধরে রাস্তায় একের পর এক কুকুরকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপর তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই একাধিক কুকুরের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও
পশুপ্রেমীদের দাবি, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে পথকুকুরদের দেওয়া হয়েছিল। অভিযোগ, একটি পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার ধারে রান্না করা কাঁকড়ার সঙ্গে বিষ মিশিয়ে রাখা হয় এবং সেই খাবার খাওয়ার পর একের পর এক কুকুর অসুস্থ হয়ে মারা যায়। এখনও কয়েকটি কুকুর আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানা গেছে।
ঘটনায় ওই পোল্ট্রি ব্যবসায়ীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকার পশুপ্রেমী ও বাসিন্দারা।
