আজকের দিনেবাংলার আয়না

ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু ১, আহত ৩

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রবিবার সকালে পশ্চিম মেদিনীপুরের সবং এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির এবং গুরুতর আহত হলেন আরও তিনজন। সবং থানার চাঁদকুড়ি বাজার এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি লরির পেছনে সজোরে ধাক্কা মারে সবজি বোঝাই একটি পিকআপ ভ্যান। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে ভ্যানের সামনের অংশ পুরো দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যাত্রীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে আসছিল। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেটি দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা মারে। মৃতের নাম বিমল মান্না (৬৫), তিনি ডেবরার বালিচক এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় মানুষজন দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন এবং গুরুতর আহত তিনজনকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত যানবাহন সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও অসাবধানতাকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে, যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দ্রুতগতির গাড়ি চলাচল করে, ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা লেগেই থাকে। পুলিশ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *