আজকের দিনেবাংলার আয়নাসুস্থ থাকুন

Nipah Virus : রাজ্যে প্রথম নিপা মৃত্যু, আতঙ্ক বাড়ল !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে প্রথমবার নিপা ভাইরাসে মৃত্যু হল এক নার্সের। চলতি মরশুমে এই প্রথম নিপা আক্রান্ত কারও মৃত্যুর খবর সামনে এল। মৃতার নাম সৌমি রায় চৌধুরী। বেশ কিছুদিন আগেই তিনি নিপা ভাইরাসে আক্রান্ত হন। এরপর গত ৪ জানুয়ারি তাঁকে বারাসতের একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই টানা ৩৯ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর ফুসফুসে সেকেন্ডারি ইনফেকশন দেখা দেয়, যার জেরে শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ লড়াইয়ের পর বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক উপসর্গে ভুগছিলেন সৌমি রায় চৌধুরী। পরে পরীক্ষায় ধরা পড়ে তিনি নিপা আক্রান্ত। তাঁর মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই রাজ্যে নিপা আতঙ্ক কয়েকগুণ বেড়ে গিয়েছে।
উল্লেখ্য, নিপা সংক্রমণ রুখতে আগেই একাধিক নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। জানানো হয়েছে, যাঁরা নিপা আক্রান্ত রোগীর সঙ্গে দীর্ঘক্ষণ খুব কাছাকাছি ছিলেন, তাঁরাই মূলত ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হবেন। এমন ব্যক্তিদের মধ্যে কারও উপসর্গ না থাকলেও ২১ দিন নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা দিনে দু’বার ফোন করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলেও জানানো হয়েছে।

চিকিৎসকেরা সাধারণ মানুষকেও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে ফল খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে বলা হয়েছে। বাদুড় বা অন্য কোনও পশুর কামড় দেওয়া ফল কোনওভাবেই খাওয়া উচিত নয়। এই সময় খেজুর রস না খাওয়াই ভালো। পেয়ারা, লিচুর মতো ফল খাওয়ার ক্ষেত্রেও পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তায় কাটা ফল এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। না হলে পুষ্টির বদলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *