Cricket : ম্যাচের আগে ভারতকে হুঁশিয়ারি পাক স্পিনারের….
কিউ ইন্ডিয়া বাংলা:- আগামী ১৫ ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে গ্রুপ স্টেজের ম্যাচ খেলবে পাকিস্থান। তার চারদিন আগে ভারতকে হুশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্থানের স্পিনার ওসমান তারিক। তার বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক রয়েছে । ভারতের বিরুদ্ধে নামার আগে বড় কথা বলে দিলেন।
আমেরিকার বিরুদ্ধে পাকিস্থানের হয়ে তিনটি উইকেট নিয়েছিলেন ওসমান তারিক। তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ভারতের সংবাদমাধ্যম ও প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে জোর আলোচনা চলছে। সে কথার পরিপ্রেক্ষিতে তারিক বলেন, “আমার মতে, ওদের উপর চাপ আছে। ওরা ভয় পাচ্ছে বলেই আমাকে নিয়ে এত কথা বলছে। ওরা শুধু আমার বোলিং আক্রমণ নিয়েই আলোচনা করছে। এতে নিজেদের উপরেই চাপ তৈরি করছে ওরা। আমি নিজের খেলা ছাড়া আর কিছু ভাবছি না। মাঠের বাইরে কী হচ্ছে তা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।”
তারিকের এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তারিকের বোলিং অ্যাকশন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররা । সমাজমাধ্যমে শ্রীবৎস গোস্বামী লেখেন, “ফুটবলেও এখন পেনাল্টি নেওয়ার আগে থামার সুযোগ নেই। সেখানে ক্রিকেটে কি এটা ঠিক? অ্যাকশন ঠিক আছে। কিন্তু থেমে যাওয়াটা কি ঠিক?” । বাংলার প্রাক্তন উইকেটরক্ষক ও বর্তমানে ধারাভাষ্যকার এর প্রশ্নের জবাবে বোলারের পাশে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, “ফুটবলে নিয়ম বদলেছে জানি। কিন্তু ক্রিকেটে যেখানে ব্যাটার রিভার্স সুইপ বা সুইচ হিট মারার আগে বোলার বা আম্পায়ারকে কিছু জানায় না, সেখানে বোলার কেন কিছু বদল করতে পারবে না। বোলারদের উপরেই কি সব নিয়ম লাগু হবে? প্রথমে এই নিয়মে বদল আনা দরকার।”
বিশ্বকাপ শুরুর আগে তারিকের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। সেই সময় গ্রিনকে পাল্টা ‘কাঁদুনে বাচ্চা’ বলে খোঁচা মেরেছিলেন তারিক। পি এস এলেও তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল , পরে ল্যাবে তার বোলিং অ্যাকশন এর পরীক্ষা হলে তিনি ছাড়পত্র পান।
তারিকের বোলিং আগে কখনও খেলেনি ভারতীয় দলের ব্যাটাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করার চেষ্টায় পাকিস্থান। জাতীয় দলের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী ওসমান তারিক। পাকিস্থানের ঘরোয়া ক্রিকেটেও লম্বা ক্যারিয়ার তার নেই।
তবে ভারতীয় ক্রিকেটাররা এসমস্ত বিষয় এর ওপর গুরুত্ব দিতে রাজি নয় ।
