মদের টাকা না পেয়ে মা’কে খুন গুণধর ছেলের
কিউ ইন্ডিয়া বাংলা:- হাড়হিম করা কাণ্ড পূর্বস্থলীতে । মদের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে খুন করল নিজের ছেলে । অতিরিক্ত মদ্যপান এর জন্য স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল আগে । তবুও তার স্বভাব বদলায়নি। ঘটনার সময় তার বাবা আটকাতে গেলে তার ওপর এলোপাথাড়ি কোপ চালায় সে । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর মধুপুরে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত আহত হওয়ায় বর্তমানে সে হাসপাতালে ভর্তি। ছাড়া পেলেই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধুপুরের বাসিন্দা কিসমত শেখের ছেলে হাসিবুল শেখ দীর্ঘদিনের মদ্যপ। গতকাল সোমবার ৯ই ফেব্রুয়ারি বিকেলে মদের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা নূরজাহান বিবির সঙ্গে বচসা শুরু হয় হাসিবুলের। মা টাকা দিতে অস্বীকার করায় রাগের মাথায় ঘর থেকে একটি ধারালো বঁটি বের করে আনে সে। অভিযোগ, সবার সামনেই মা নূরজাহান বিবির গলায় একের পর এক কোপ মারতে থাকে হাসিবুল। স্ত্রীকে বাঁচাতে গিয়ে এলোপাথাড়ি বটির কোপে জখম হন কিসমত শেখ। ঘটনাস্থলেই প্রাণ হারান নূরজাহান বিবি।
রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা নুরজাহানকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত হাসিবুলের বাবা কিসমত শেখের অবস্থার অবনতি হলে তাঁকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পরিবারের এক সদস্য জানান “মদ খেয়ে বাড়িতে নিয়মিত অশান্তি করত হাসিবুল। মদের প্রতি তার আসক্তির কারণে স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল আগেই । এবার মদ এর টাকা না পাওয়ায় মাকে কেটে ফেলল”।
