ভারতের মধ্যে বাংলায় প্রথম বুলেট ট্রেন
কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলাকে আরও এক ঐতিহাসিক রেল উপহার দিতে চলেছে কেন্দ্র। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের পর এবার বাংলার মাটি দিয়েই ছুটবে দেশের প্রথম বুলেট ট্রেন। এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভোটমুখী রাজ্যে রেলের এই ঘোষণা ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে।
রেলমন্ত্রী জানিয়েছেন, দেশের প্রথম বুলেট ট্রেন বারাণসী–পটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে চলতে পারে এই বুলেট ট্রেন। এই পরিষেবা চালু হলে শিলিগুড়ি থেকে বারাণসী পৌঁছতে সময় লাগবে তিন ঘণ্টারও কম। ফলে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর ভারতের যোগাযোগে এক নতুন দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে।
চলতি বছরের কেন্দ্রীয় বাজেটেই শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত একটি হাইস্পিড রেল করিডর তৈরির ঘোষণা করা হয়েছে। এই করিডর দিয়েই বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। পাশাপাশি বারাণসী থেকে দিল্লি পর্যন্তও একটি আলাদা হাইস্পিড রেল করিডর তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এই দুটি করিডর সম্পূর্ণ হলে শিলিগুড়ি থেকে দিল্লি যেতে আর ১৮ ঘণ্টা সময় লাগবে না। মাত্র ৬ থেকে ৭ ঘণ্টার মধ্যেই রাজধানীতে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
রেলমন্ত্রী আরও জানিয়েছেন, শিলিগুড়ি কেন্দ্র করে যে হাইস্পিড রেল করিডর তৈরি হবে, তা ভবিষ্যতে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত করা হবে। গুয়াহাটি পর্যন্ত এই করিডর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রেলের। এতে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এছাড়াও আধুনিক রেল ব্যবস্থার অংশ হিসেবে মেট্রোর মতো ট্রেন মাটির তলা দিয়ে চালানোর পরিকল্পনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী। যদিও ঠিক কোন কোন এলাকায় এই সুড়ঙ্গপথ তৈরি হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।
সব মিলিয়ে বন্দে ভারত স্লিপারের পর বুলেট ট্রেন বাংলাকে রেলের একের পর এক বড় উপহার কেন্দ্রের। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের পর্যটন, ব্যবসা ও যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে।
