আজকের দিনেবাংলার আয়না

পরীক্ষার পথে বিপদে ভরসা ‘পুলিশ কাকু’

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মাধ্যমিক পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে অভিনব মানবিক উদ্যোগ নিল ঝাড়গ্রাম পুলিশ। পরীক্ষা দিতে যাওয়ার পথে যানবাহন না পেলে কিংবা হঠাৎ কোনও সমস্যায় রাস্তায় আটকে পড়লে, তৎক্ষণাৎ বাইকে করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেবেন পুলিশকর্মীরা। গত বছর বাস বিকল হয়ে বহু পড়ুয়া বিপাকে পড়ার অভিজ্ঞতা থেকেই চলতি বছর আগেভাগে ছ’টি মোটরবাইক প্রস্তুত রেখেছে পুলিশ।

অনেক সময় ভুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া, অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া বা পাহাড়ি-প্রত্যন্ত এলাকায় গাড়ি খারাপ হয়ে পড়ুয়াদের আটকে পড়ার ঘটনা ঘটে। এই সব পরিস্থিতিতে যাতে কোনও পরীক্ষার্থী পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়, সে দায়িত্ব নিয়েছে বেলপাহাড়ি থানা ও বাঁশপাহাড়ি ফাঁড়ির পুলিশ।
বাঁশপাহাড়ি থেকে বেলপাহাড়ির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। বাস ও ট্রেকারই এই এলাকার প্রধান যাতায়াত মাধ্যম। চলতি বছর বাঁশপাহাড়ি হাই স্কুলের ১১৭ জন এবং ভুলাভেদা হাই স্কুলের ৭৯ জন পড়ুয়ার পরীক্ষা কেন্দ্র বেলপাহাড়িতে। সেই কারণেই গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আগেভাগে বাইক মোতায়েন করা হয়েছে।

এই মানবিক উদ্যোগ শুধু ঝাড়গ্রামেই সীমাবদ্ধ নয়। পশ্চিম মেদিনীপুরেও একই ছবি। সোমবার সকাল থেকেই খড়্গপুর শহরে টহল দিচ্ছে খড়্গপুর টাউন থানার বিশেষ সহায়তা-বাইক। বাইকের সামনে স্পষ্ট লেখা ‘মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায়’। পরীক্ষার্থীদের যে কোনও সমস্যায় দ্রুত পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *