আজকের দিনেবাংলার আয়না

ঘাটালের জলযন্ত্রণার অবসানে বড় পদক্ষেপ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ঘাটালের ছেলে দেব ছোটবেলা থেকেই বর্ষা এলেই জলযন্ত্রণার ছবি দেখে বড় হয়েছেন। প্রতি বছর বন্যা, জল ঢুকে পড়া, ঘরছাড়া হওয়ার ভয় এই সবই ঘাটালের মানুষের নিত্যদিনের বাস্তবতা। ভোটের সময় বহু প্রতিশ্রুতি মিললেও ভোট শেষ হলেই সব কথা ভুলে যেত রাজনৈতিক দলগুলি।

অবশেষে বহুদিনের অপেক্ষার অবসান। বুধবার সিঙ্গুরের সভা থেকে ঘাটালের সাংসদ দেবকে পাশে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সাহায্য না পেলেও রাজ্য সরকার নিজের উদ্যোগে প্রায় ১,৫০০ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু করল।

এই বিশেষ দিনে আবেগে ভাসেন দেব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,“আজ দিদি যেটা করলেন, সেটা খুব সহজ কাজ নয়। ঘাটালের মানুষ অনেকদিন ধরে এমন একজনের অপেক্ষায় ছিলেন, যিনি আমাদের কষ্টটা বুঝবেন। আমি সাংসদ হওয়ার সময়ই ঘাটালের কথা বলেছিলাম। দিল্লিতে গিয়ে অনেক চেষ্টা করেছি। কিন্তু কেউ কথা রাখেনি। দিদি কথা দিয়েছিলেন, আর আজ তিনি কথা রাখলেন।”

দেব আরও বলেন, বহু বছর ধরে এই প্রকল্পের ফাইল বিভিন্ন সরকারের কাছে ঘুরেছে, কিন্তু কাজ হয়নি। “যে সরকার কথা দিয়ে ভোটের পরও কথা রাখে, সেই সরকারই মানুষের বিশ্বাস পায়,” বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাতজোড় করে ধন্যবাদ জানান দেব।

ঘাটাল এলাকা মূলত শীলাবতী, কংসাবতী ও দ্বারকেশ্বর নদীর আশপাশে। পুরনো আমলে তৈরি বাঁধগুলি ঠিকমতো রক্ষণাবেক্ষণ না হওয়ায় এখন ভেঙে পড়ার মতো অবস্থা। ফলে বর্ষা এলেই নদীর জল উপচে বন্যা হয়। আবার নদীর মধ্যে পলি জমে জলধারণ ক্ষমতাও কমে গিয়েছে। এই সব সমস্যার সমাধান করতেই ঘাটাল মাস্টার প্ল্যান। এই প্রকল্পে নদী সংস্কার, বাঁধ মেরামত এবং জল বেরোনোর ব্যবস্থা উন্নত করার কাজ হবে। কেন্দ্রের সাহায্য না মিললেও রাজ্য সরকার একাই এই কাজের দায়িত্ব নিয়েছে।

বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি শুনেছে ঘাটাল। বুধবার সেই ঘাটালের মানুষ দেখল কাজের শুরু। তাই এই দিন ঘাটালবাসীর কাছে শুধুই উদ্বোধন নয়, বরং নতুন আশা আর ভরসার দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *