বাংলার আয়না

Accident-Jagatballavpur : জগৎবল্লভপুরে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা ….

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- শুক্রবার গভীর রাতে হাওড়ার জগৎবল্লভপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা গাড়ি উল্টে গিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১টা নাগাদ।

গাড়ির ভিতরে ছিলেন পাঁচ জন যুবক। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম কৌশিক দলুই। তাঁর বাড়ি হাওড়ার ইছাপুর এলাকায়। বাকি চার জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বাড়ি হাওড়া জেলার বকুলতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়িটি আমতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। জগৎবল্লভপুরের ১০ নম্বর কলোনি এলাকায় পৌঁছনোর পর আচমকা চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। গাড়িটি উল্টে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। তাঁরাই প্রথমে ঘটনাস্থলে ছুটে এসে আহত যুবকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক এক জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গাড়িটির গতি খুব বেশি ছিল। সেই কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার সময় গাড়ির গতি কত ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *