আজকের দিনেভারত

ডিমের ঝোল নিয়ে ঝগড়া, স্বামীর জিভ ছিঁড়ে দিলেন স্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ডিম্ভাত নিয়ে রাজনৈতিক তরজা বাংলায় বহুদিন ধরেই আলোচনায়। কিন্তু উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ডিমের ঝোল ঘিরে যে ঘটনা ঘটেছে, তা সবাইকে স্তব্ধ করে দিয়েছে ইতিমধ্যেই। রাতের খাবার নিয়ে সামান্য ঝগড়া থেকেই ভয়াবহ হিংসার অভিযোগ উঠেছে। অভিযোগ, ডিমের ঝোল খাওয়া নিয়ে ঝামেলার মধ্যেই স্ত্রী স্বামীর জিভ কামড়ে ছিঁড়ে ফেলেন। গুরুতর আহত অবস্থায় স্বামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে গাজিয়াবাদের বেগুমাবাদের সঞ্জয়পুরি এলাকায় এই ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম বিপিন (৩২)। তিনি একটি বেসরকারি কারখানায় কাজ করেন। গত বছর জুন মাসে ইশার সঙ্গে তাঁর বিয়ে হয়। পরিবারের দাবি, বিয়ের কিছুদিনের মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়।
সোমবার রাতে ইশা ডিমের ঝোল রান্না করেছিলেন। রাতে কাজ থেকে ফিরে বিপিন জানান, প্রতিদিন ডিম খাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই কথা থেকেই দু’জনের মধ্যে তর্ক শুরু হয়। অভিযোগ, তর্কের বিষয় পরে মদ্যপান ও ব্যক্তিগত অভ্যাস নিয়ে বচসায় গড়ায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝগড়া হাতাহাতিতে পরিণত হয়।
পরিবারের অভিযোগ, পরিস্থিতি শান্ত করার সময় আচমকাই বিপিনের জিভ কামড়ে ধরে ছিঁড়ে দেন ইশা। রক্তাক্ত অবস্থায় জিভের ছেঁড়া অংশ হাতে নিয়ে তিনি বাড়ির নিচে নেমে আসেন। দ্রুত তাঁকে মেরঠের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, প্রায় ২.৫ সেন্টিমিটার জিভ সম্পূর্ণভাবে কেটে গিয়েছে। অস্ত্রোপচার করেও তা জোড়া দেওয়া সম্ভব হয়নি। ভবিষ্যতে কৃত্রিম উপায়ে কথা বলার চেষ্টা করা যেতে পারে, তবে স্বাভাবিকভাবে কথা বলা কঠিন হবে বলেই জানিয়েছেন চিকিৎসকেরা।

এই ঘটনার পর বিপিনের মা থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, গত কয়েক মাস ধরেই ইশা ছেলেকে মারধর করতেন। অন্যদিকে, পুলিশি জেরায় ইশা জানিয়েছেন, রাগের মাথায় এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, তিনি নেশাগ্রস্ত ছিলেন না। পারিবারিক চাপ থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পরিবার, প্রতিবেশী ও চিকিৎসকদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। চিকিৎসা রিপোর্টের ভিত্তিতেই তদন্তের পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *