আজকের দিনেভারতরাজনীতি

UP ELECTION : ইউপি ভোটের আগে ইন্ডি জোটে টানাপোড়েন, কংগ্রেসের বড় দাবিতে অস্বস্তিতে সপা

কিউ ইন্ডিয়া বাংলা, উত্তরপ্রদেশ :- দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে (UP ELECTION) বছর ঘুরলেই বিধানসভা ভোট। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে দিল্লিতে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন রাহুল গান্ধী ও অখিলেশ যাদব। ইন্ডি জোটের বৈঠকে হাজির থাকছেন রামগোপাল যাদবও। বাইরে থেকে জোট অটুটের বার্তা দেওয়া হলেও, ভিতরে আসনরফা নিয়ে দুই শিবিরের ঠান্ডা লড়াই চরমে (UP ELECTION)।

জোটের লক্ষ্যে (UP ELECTION) অগ্রণী ভূমিকা নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কংগ্রেস জানে, ইউপিতে সংগঠন দুর্বল। জোট না গড়লে বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, আবার আত্মসমর্পণ করলে কর্মীদের মনোবল তলানিতে ঠেকবে। তাই নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে সপা-র কাছে ১৭৫-২০০ আসনের দাবি জানিয়েছে হাত শিবির।

প্রাথমিকভাবে কংগ্রেস ১৬৫ আসনের তালিকা বানিয়েছে – শেষ ৩ বিধানসভা ও ২০২৪ লোকসভা নির্বাচনের নিরিখে। ১০০টি আসন এ ক্যাটেগরি, ৪০টি বি ক্যাটেগরি ও ২৫টি সি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। ইউপি কংগ্রেসের পর্যবেক্ষক রাজেন্দ্র পাল গৌতম জানিয়েছেন, “সমাজবাদী পার্টিকে আমরা ১৭৫-২০০ আসনের মধ্যে একটি তালিকা পাঠিয়েছি।”

কিন্তু এই দাবি মানতে নারাজ সপা। তাদের যুক্তি, গত বিধানসভায় কংগ্রেস ২ শতাংশ ভোটও পায়নি, জিতেছিল মাত্র ২টি আসন। ২০১৭ সালে জোটে ১১৭ আসনে লড়ে জয় মাত্র ৭টিতে। বিহারেও একইভাবে বেমক্কা আসন দাবি করে জোটকে ডুবিয়েছে কংগ্রেস। সপার তরফে প্রাথমিকভাবে ৫৩ আসন ছাড়ার কথা ভাবা হয়েছিল, বড়জোর ৭৫ পর্যন্ত যাওয়া যেতে পারে। এক সপা সাংসদের প্রশ্ন, “যে কেউ যা খুশি চাইতেই পারে, কিন্তু এবার বাস্তবসম্মত জায়গায় পৌঁছতে হবে।”

অখিলেশ যাদবের স্পষ্ট বার্তা, “যে দল যে আসনে জেতার মতো জায়গায় থাকবে, তারাই সেই আসনে লড়বে।”

আসনরফার এই দড়ি টানাটানিতে জোটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠছে। কংগ্রেসের সংগঠন বাঁচানোর তাগিদ ও সপা-র জেতার অঙ্ক – এই দুইয়ের মধ্যে সমঝোতা না হলে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী লড়াই বড় ধাক্কা খাবে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *