BIRBHUM : একদিনেই গোটা মাসের আয়! বীরভূমে পাথর রাজস্বে নয়া নজির, মাসে ১০০ কোটির লক্ষ্যে শুভেন্দু সরকার
কিউ ইন্ডিয়া বাংলা, বীরভূম :- বীরভূমে (BIRBHUM) পাথরের রাজস্ব আদায়ে বড় সাফল্য নতুন সরকারের। গত সরকারের আমলে গোটা অক্টোবর মাসে যা আয় হয়েছিল, এবার একদিনেই তার চেয়ে বেশি টাকা জমা পড়ল সরকারি কোষাগারে। ১১ অক্টোবর একদিনেই আদায় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ টাকারও বেশি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রকাশিত হিসাব অনুযায়ী, গত বছর অক্টোবর মাসে (BIRBHUM) পাথরের DCR থেকে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ২৮ লক্ষ টাকা। এবার ১১ অক্টোবর একদিনেই আদায় হয়েছে ৩ কোটি ৪৪ লক্ষ ১১ হাজার ৪১০ টাকা। অর্থাৎ গত বছরের পুরো মাসের আয়কে ছাপিয়ে গেছে একদিনের সংগ্রহ।
চলতি মাসে ১ থেকে ১১ অক্টোবর পর্যন্ত মোট আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ ৩৮ হাজার টাকা, তৈরি হয়েছে ৪১ হাজার ৩৩৩টি রসিদ। ১০ অক্টোবর আদায় ছিল ২ কোটি ৩০ লক্ষ, ৮ অক্টোবর ৩ কোটি ২৩ লক্ষ।
সরকারের দাবি, আগে এই ব্যবসা নিয়ন্ত্রণ করতেন (BIRBHUM) অনুব্রত-ঘনিষ্ঠ টুলু মণ্ডল, ফলে ১০ শতাংশ টাকাও কোষাগারে জমা পড়ত না। সরকার বদলের পর দুর্নীতি রুখে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন, গ্রেপ্তার করা হয়েছে টুলু ঘনিষ্ঠদের। তারই ফল এই রেকর্ড আদায়।
প্রথম ১১ দিনেই ৩২ কোটি ছাড়ানোর পর চলতি মাসে ১০০ কোটির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রাজস্ব ফাঁকি রুখতে এই সাফল্যকে বড় পদক্ষেপ হিসেবে দেখছে প্রশাসন। জেলা প্রশাসন ও ভূমি দফতরকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
