আবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : রাজ্যে বাড়ছে পারদ, সকাল-সন্ধ্যায় শীতের আমেজ, কুয়াশার দাপট অব্যাহত …

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্য জুড়ে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাচ্ছে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত উধাও শীত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শীতের অনুভূতি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত ঊর্ধ্বমুখী তাপমাত্রা।
আবহাওয়া দপ্তরের মতে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা ওপরে রয়েছে। আগামী কয়েকদিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, এরপর কিছুদিন একই রকম থাকবে আবহাওয়া।

এদিকে পাঞ্জাব ও সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বুধবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতে গতকাল, সোমবার ১৯ জানুয়ারি, মৌসুমি বায়ু প্রত্যাহার হয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি ও করাইকাল থেকে সরে গেছে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। আগামী দু’দিন দক্ষিণ ভারতে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। তবে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। কলকাতা সহ বিভিন্ন জেলায় সকালে কুয়াশার সম্ভাবনা থাকবে। শীতের আমেজ কিছুটা কমলেও সকাল ও সন্ধ্যায় ঠান্ডা অনুভূত হবে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার রাজ্যে তাপমাত্রা আরও প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।

উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই। তবে পার্বত্য এলাকা থেকে সমতলে দু’-এক জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে। আগামী সাতদিন কলকাতায় মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ভিন রাজ্যের ক্ষেত্রে শৈত্য প্রবাহের পরিস্থিতি বর্তমানে শুধুমাত্র হিমাচল প্রদেশে সীমাবদ্ধ। তবে আগামীকাল থেকে শৈত্য প্রবাহের কোনও সতর্কতা আর থাকবে না। অন্যদিকে রাজধানী দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং বিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *