SUMIT ROY : জমি দুর্নীতিতে ৮ দিনের সিআইডি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত, বাড়ছে তদন্তের চাপ
কিউ ইন্ডিয়া বাংলা, মেদিনীপুর :- শালবনি জমি দুর্নীতি মামলায় ৮ দিনের সিআইডি হেফাজতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায় (SUMIT ROY)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচ খারিজ হতেই তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। শুক্রবার সকালে ভবানীভবন থেকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
তদন্তকারী সূত্রে খবর, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রক্ষাকবচ খারিজ করার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলে সিআইডি। সেখান থেকেই শালবনি জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় সুমিত রায়কে (SUMIT ROY)। শারীরিক পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হয় ভবানীভবনে, সেখানে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
সিআইডি সূত্রে খবর, জমি দুর্নীতির টাকা কোন পথে গিয়েছে, কাদের মাধ্যমে পাচার হয়েছে, হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার হয়েছে কি না, এই সমস্ত বিষয়ে জেরা করা হয় সুমিতকে (SUMIT ROY) । যদিও সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না তিনি।
এর আগে শালবনি জমি দুর্নীতি এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সুমিতকে তলব করেছিল ইডি। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত আর্থিক মামলাতেও তাঁর নাম উঠে আসে বলে ইডি সূত্রে খবর।
এদিকে বিধানসভায় দাঁড়িয়ে সুমিতের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তদন্তকারীদের অনুমান, এই দুর্নীতির পিছনে তৎকালীন প্রশাসনিক আধিকারিকদের যোগ থাকতে পারে, তা না হলে এভাবে জমি দুর্নীতি সম্ভব নয়। কয়েকশো কোটি টাকা লেনদেনের তথ্য খতিয়ে দেখছে সিআইডি ও ইডি।
