KRISHNENDU NARAYAN CHAUDHARY: পুরভোটের মুখে ইংরেজবাজারে বড় ধাক্কা তৃণমূলের, পুরপ্রধান পদ ছাড়লেন কৃষ্ণেন্দু নারায়ণ
কিউ ইন্ডিয়া বাংলা, ইংরেজবাজার :- পুরভোটের আগে মালদায় বড়সড় ভাঙন। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী (KRISHNENDU NARAYAN CHAUDHARY)। বুধবার পুরসভার বোর্ড অফ কাউন্সিলর্সের সভায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেন তিনি।
পুরসভায় তৃণমূলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তাঁর এই স্বেচ্ছা-পদত্যাগ ঘিরে জেলার রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি কৃষ্ণেন্দু নারায়ণ (KRISHNENDU NARAYAN CHAUDHARY) প্রকাশ্যেই জানিয়েছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করলেও আর তৃণমূলের টিকিটে ভোটে লড়বেন না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেও তিনি প্রার্থী হবেন না বলে সাফ জানিয়ে দেন।
তারপরই বুধবার তাঁর পদত্যাগের খবর সামনে আসে। পদত্যাগের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কৃষ্ণেন্দু (KRISHNENDU NARAYAN CHAUDHARY)। তিনি বলেন, “কাজ করতে পারছিলাম না। রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায় আছি।”
দীর্ঘদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন কৃষ্ণেন্দু। পুরভোটের আগে তাঁর সুর বদল এবং আচমকা ইস্তফা ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এবার কালীঘাটের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি?
পুজোর পরেই রাজ্যে পুরভোটের দামামা বাজতে চলেছে। প্রথম দফায় কলকাতা ও হাওড়ায় ভোট হওয়ার সম্ভাবনা। তার আগে ইংরেজবাজারের মতো গুরুত্বপূর্ণ পুরসভার প্রধানের ইস্তফা তৃণমূলের কাছে বড় ধাক্কা। এখন দেখার, ‘নতুন ছাতা’ বলতে কৃষ্ণেন্দু ঠিক কোন দলকে বোঝালেন – বিজেপি, কংগ্রেস, নাকি অন্য কোনও শিবিরে যোগ দেবেন তিনি।
