Weather : ভাদ্রেও শ্রাবণের রেশ, আজও ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বঙ্গে শ্রাবণের রেশ। আজ বুধবার দিনভর মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৬ ডিগ্রির আশেপাশে থাকবে।(Weather)
আজ দক্ষিণবঙ্গের মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে আগামিকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা নেই এবং বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather)
উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ ও আগামিকাল বৃষ্টি কম থাকবে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুক্র ও শনিবার ফের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যজুড়ে এই বৃষ্টি। এছাড়া ১১ সেপ্টেম্বর নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে।(Weather)
এই বৃষ্টির জেরে আপাতত ভাদ্রের পচা গরম থেকে রেহাই পাচ্ছে বঙ্গবাসী। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি।
