আজকের দিনেবিশ্ব

Nepal Disaster : নেপাল বিপর্যয়ে সুখবর, ত্রিশূলী থেকে উদ্ধার ৩ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- নেপাল বিপর্যয়ে আশার আলো। ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার আরও ৩ ভারতীয়। এখনও পর্যন্ত ১৬৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানাল বিদেশমন্ত্রক।(Nepal Disaster)

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে এই সুসংবাদ জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ত্রিশূলী বাজার থেকে উদ্ধার হওয়া তিনজনের নাম অভিজিৎ সুরেশ পওয়ার, দীপিকা অভিজিৎ পওয়ার ও ৫ বছরের শিশু সমর্থ অভিজিৎ পওয়ার। মনে করা হচ্ছে তাঁরা একই পরিবারের সদস্য।

গত ২৬ আগস্ট হড়পা বান ও হিমবাহ হ্রদ ভাঙার জোড়া বিপর্যয়ে প্রথম এই ত্রিশূলী বাজারই ভেসে গিয়েছিল। তারপর ১০ দিন কেটে গেলেও কোনওক্রমে নিজেদের প্রাণরক্ষা করতে পেরেছেন তাঁরা, যা অলৌকিক ছাড়া কিছুই নয়।(Nepal Disaster)

বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, এখনও ২৭৫ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তাঁদের সন্ধান চলছে। এই বিষয়ে নেপাল দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগ রাখা হচ্ছে এবং কোনও খবর মিললেই জানানো হচ্ছে। পাশাপাশি বিপর্যস্ত নেপালকে ক্রমাগত ত্রাণসাহায্যও পাঠিয়ে চলেছে নয়াদিল্লি।

এদিকে নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হতাশাজনক মন্তব্য করেন। তিনি বলেন, হড়পা বানের তোড়ে কারা কোথায় ভেসে গিয়েছে বোঝা সম্ভব নয়। অনেকের দেহ চিতওয়ানে এবং ভারত সীমান্তেও পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১৩০০ জনের দেহ উদ্ধার হয়েছে।(Nepal Disaster)

মৃত্যু মিছিলের মধ্যেও এই তিন ভারতীয়ের জীবিত ফেরা যেন ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়ানোর গল্প লিখছে নেপাল। এই ঘটনা উদ্ধারকারী দলগুলির মনোবল আরও বাড়িয়ে দিল। এখনও যাঁরা কাদামাটির নিচে আটকে রয়েছেন, তাঁদেরও জীবিত উদ্ধারের আশায় দিনরাত এক করে কাজ চালাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *