আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

Rose Valley : শুভেন্দুর সরকারের বড় উদ্যোগ! ১ বছরে রোজভ্যালির টাকা ফেরতের প্রস্তাব হাই কোর্টে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ১২ বছর ধরে আটকে থাকা রোজভ্যালির টাকা ফেরাতে উদ্যোগ নিল শুভেন্দু অধিকারীর সরকার। কলকাতা হাই কোর্টে রাজ্যের তরফে প্রস্তাব দেওয়া হল, ১ বছরের মধ্যে রোজভ্যালির ২১টি হোটেল-সহ সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।(Rose Valley)

তৃণমূল জমানায় প্রায় ২৫০০ কোটি টাকার রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি হয়েছিল। লক্ষ সাধারণ মানুষ তাদের কষ্টের সঞ্চয় হারিয়ে গত ১২ বছর ধরে আদালতের দিকে তাকিয়ে ছিলেন। হাই কোর্ট রোজভ্যালির টাকা ফেরতের নির্দেশ দিলেও পূর্ববর্তী সরকারের আমলে সেই প্রক্রিয়া কার্যত থমকে ছিল।

সমস্যা আরও বাড়ে হাই কোর্ট নিযুক্ত অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ঘিরে। SFIO ওই কমিটির বিরুদ্ধে গুরুতর আর্থিক অস্বচ্ছতা ও দুর্নীতির অভিযোগ তোলে। অভিযোগ ওঠে, কমিটি সম্পত্তি বিক্রির নামে স্বচ্ছতার সঙ্গে কাজ করেনি। ফলে আমানতকারীরা আরও হতাশ হয়ে পড়েন।(Rose Valley)

পালাবদলের পর শুভেন্দু অধিকারীর সরকার এই ইস্যুকে অগ্রাধিকার দেয়। রাজ্যের মুখ্যসচিব হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিয়ে বড় প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে বলা হয়েছে – ১. আগের ‘দুর্নীতিগ্রস্ত’ অ্যাসেট ডিসপোজাল কমিটি ভেঙে দেওয়া হোক। ২. আদালতের সরাসরি নজরদারিতে রাজ্য সরকার নিজেই রোজভ্যালির ২১টি হোটেল-সহ বাজেয়াপ্ত সমস্ত সম্পত্তি ১ বছরের মধ্যে বিক্রি করবে। ৩. বিক্রি থেকে পাওয়া গোটা টাকা সরাসরি আমানতকারীদের মধ্যে বিতরণ করা হবে।

প্রসঙ্গত, ২০১৫ সালের মার্চ মাসে ED রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে এবং CBI তাঁর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে গ্রেপ্তার করে। তারপর থেকে একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বিক্রি ও টাকা বিতরণের কাজ ধীরগতিতে চলায় ভুক্তভোগীরা ন্যায়বিচার পাননি। নতুন সরকারের এই প্রস্তাবে তাই লক্ষ প্রতারিত পরিবারের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

১ বছরের ডেডলাইন বেঁধে স্বচ্ছ প্রক্রিয়ায় টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সরকার হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত সবুজ সংকেত দিলে খুব শীঘ্রই রোজভ্যালির প্রতারিতরা তাদের টাকা ফেরত পাওয়ার পথে এক ধাপ এগোবেন।(Rose Valley)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *