Supreme Court : শর্ত সাপেক্ষে চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি সুপ্রিম কোর্টের !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে তিন সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্টের আগের নির্দেশ খারিজ করে শীর্ষ আদালতের এই রায়ে বড়সড় আইনি স্বস্তি পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
২০১৬ সালে একটি সড়ক দুর্ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে গুরুতর আঘাত লাগে। এর পর থেকে প্রতি বছরই তাঁকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়। এ বছর জুলাই মাসের শেষের দিকে তিনি পুনরায় বিদেশযাত্রার অনুমতি চেয়ে আইনি আবেদন জানান। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলায় আদালতের অনুমতি ছাড়া তাঁর বিদেশযাত্রায় আইনি বাধা ছিল।
এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের মাধ্যমে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন।
হাই কোর্টের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সোমবার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী পর্যবেক্ষণ করেন যে, কারও বিরুদ্ধে মামলা চললেই তাঁকে বিদেশে যাওয়া থেকে আটকানো যায় না। আদালত তিন সপ্তাহের জন্য তাঁর বিদেশযাত্র মঞ্জুর করলেও কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে:
* বিদেশ যাওয়ার আগে অভিষেককে এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে এবং সেখান থেকে চিকিৎসার প্রয়োজনে বিদেশ যাওয়ার সংক্রান্ত সার্টিফিকেট নিতে হবে।
* সফরকালে তাঁর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা রাখতে হবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশের ফলে দীর্ঘ আইনি জটিলতার পর স্বস্তিতে তৃণমূলের সাধারণ সম্পাদক। এসএসকেএম হাসপাতালের প্রয়োজনীয় ছাড়পত্র ও শর্তপূরণ সম্পন্ন হলেই চিকিৎসার উদ্দেশে রওনা হতে পারবেন তিনি।
