Sundarban-Tiger : সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে স্বামীর সামনে থেকে স্ত্রীকে তুলে নিয়ে গেল বাঘ !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে ফের বাঘের হামলায় প্রাণ গেল এক মহিলার। বুধবার দুপুরে কলস ক্যাম্প সংলগ্ন জঙ্গলে স্বামীর সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের শিকার হলেন পয়লার ঘেরি এলাকার বাসিন্দা বন্দনা দাস। স্বামীর চোখের সামনেই বাঘ তাঁকে টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার স্বামী-স্ত্রী মিলে সুন্দরবনের কলস ক্যাম্প সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। দুপুরে জঙ্গলের মধ্যেই রান্না করে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সেই সময় আচমকাই একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে বন্দনা দেবীর উপর। স্বামী বাধা দেওয়ার চেষ্টা করলেও কিছু করার আগেই বাঘ তাঁকে মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। পরে বন দফতর ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়তেই পয়লার ঘেরি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও প্রতিবেশীরা শোকে ভেঙে পড়েছেন। সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ-কাঁকড়া ধরা স্থানীয়দের অন্যতম প্রধান জীবিকা। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকতে হয় তাঁদের। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহ এলাকায় আনার প্রক্রিয়া চলছে।
জীবিকার তাগিদে সুন্দরবনের গভীরে গিয়ে বারবার বাঘের হামলার শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বন্দনা দাসের মৃত্যু ফের সেই ভয়াবহ বাস্তবতাকেই সামনে আনল। এলাকাবাসীর দাবি, মৃতার পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হোক এবং জঙ্গল-লাগোয়া এলাকায় নিরাপত্তা ও বিকল্প জীবিকার ব্যবস্থা আরও জোরদার করা হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।
