আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Mathurapur : তৃণমূলের অন্দরেই বিস্ফোরণ! সভাপতির বিরুদ্ধে দলেরই অনাস্থা, বিডিও অফিস ঘেরাও করে অবস্থান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনলেন দলেরই ১৭ জন সদস্য। সঙ্গে ছিল সিপিএম-বিজেপিও। অনাস্থা প্রস্তাব গ্রহণ না হওয়ায় মঙ্গলবার সকাল থেকে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ। এসডিও না এলে অনশনের হুঁশিয়ারি।

ঘটনাটি মথুরাপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির। অভিযোগের তির পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদারের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলেরই একাংশ।

পঞ্চায়েত সমিতির মোট ৩০ জন সদস্যের মধ্যে ১৭ জন সদস্য নির্ধারিত সময়ে বিডিও অফিসে উপস্থিত হয়ে অনাস্থার পক্ষে সমর্থন জানান। চমকপ্রদ বিষয় হল, এই অনাস্থায় তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছে সিপিএম এবং বিজেপির সদস্যরাও।

কিন্তু বিডিও জানিয়ে দেন, এসডিওর নির্দেশ ছাড়া এই মুহূর্তে অনাস্থা প্রস্তাব গ্রহণ সম্ভব নয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন আন্দোলনকারীরা। বিডিও অফিস চত্বরে দিনভর অবস্থান-বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, বিডিওকে দফতর থেকেও বেরোতে দেওয়া হয়নি।

বিক্ষুব্ধ সদস্যদের দাবি, সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রশাসন ইচ্ছাকৃতভাবে প্রক্রিয়া বিলম্বিত করছে। তাঁরা হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে অনাস্থা প্রস্তাব গ্রহণ না হলে আদালতে যাবেন। পাশাপাশি এসডিও ঘটনাস্থলে এসে সমাধান না করা পর্যন্ত বিডিও অফিসে অবস্থান ও অনশন চলবে।

পালাবদলের পর তৃণমূলের ঘরেই ভাঙন ক্রমশ বাড়ছে, আর সেই ফাটলেই সুযোগ করে নিল তৃণমূলের বিরোধীরা। মথুরাপুরের এই ঘটনা ঘাসফুল শিবিরের ভগ্নাদশা স্পষ্ট করল। অনাস্থা প্রস্তাব নিয়ে প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *