SONAM WANGCHUK : নিটে মৃত পড়ুয়াদের পরিবার কাঁদছে, আর বিলাসবহুল হোটেলে উদ্দাম নাচ ‘আরশোলা’র! ‘সংযম’ চেয়ে ক্ষিপ্ত সোনম
কিউ ইন্ডিয়া বাংলা , নিউজ ডেস্ক :- নিট প্রশ্নফাঁস আন্দোলনে জয়ের পর উদযাপন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বিলাসবহুল হোটেলে বলিউডি গানে উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হতেই তীব্র বিতর্ক। অন্যদিকে নিটে প্রশ্নফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবার এখনও শোকে কাতর। এই দ্বিচারিতার বিরুদ্ধে সরব হলেন আন্দোলনের মূল মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। (SONAM WANGCHUK)
টানা ৩৬ দিন বিক্ষোভের পর গত শনিবার আন্দোলনকারীদের সমস্ত দাবি মেনে নেয় সরকার। ইস্তফা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দাবি পূরণের পর শনিবার যন্তর মন্তরে ‘বিজয় উৎসব’ করে সিজেপি। কিন্তু বিতর্ক তৈরি হয় সিজেপির এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও ঘিরে। ক্যাপশনে লেখা ‘ইস্তফার খুশিতে’। ভিডিওতে দেখা যায়, সিজেপির মুখপাত্র সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা-সহ অন্যান্যরা বিলাসবহুল হোটেলে বলিউডি গানের তালে উদ্দাম নাচছেন।এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় সমালোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, একদিকে নিটে মৃত পড়ুয়াদের পরিবার কাঁদছে, অন্যদিকে এই ধরনের উদযাপন কতটা যুক্তিযুক্ত?ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনের অন্যতম রূপকার সোনম ওয়াংচুকও। এক্সে তিনি লেখেন, ‘উদযাপনের অবশ্যই বিনয় থাকতে হবে। সাফল্য অর্জনের মতোই সম্মান ও বিনয় বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। মর্যাদা, সংযম ও দায়িত্ববোধের সঙ্গে উদযাপন করুন।’ (SONAM WANGCHUK)
তিনি আরও বলেন, ‘প্রকৃত সাফল্য কেবল লক্ষ্য অর্জনেই নিহিত নয়, বরং সেই সাফল্যকে কীভাবে গ্রহণ বা স্বীকার করা হচ্ছে, তার মধ্যেও নিহিত।’অভিযোগ, দাবি পূরণের পর সিজেপির প্রধান অভিজিৎ দীপকে আন্দোলনের মূল ভিত সোনম ওয়াংচুককে ন্যূনতম ধন্যবাদ পর্যন্ত জানাননি। বিজয় উৎসবেও একবারের জন্য তাঁর নাম উচ্চারণ করা হয়নি।
আন্দোলনে জয় এসেছে ঠিকই, কিন্তু উদযাপনের ধরণ নিয়ে প্রশ্নের মুখে সিজেপি। মৃত পড়ুয়াদের প্রতি সম্মান ও সংযম বজায় রেখে জয় উদযাপনের বার্তাই দিলেন সোনম ওয়াংচুক। (SONAM WANGCHUK)
