Weather : হালকা বৃষ্টিতে ভিজবে শহর, উত্তরে দুর্যোগ। বুধবার থেকে স্বস্তি দক্ষিণবঙ্গে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মৌসুমি অক্ষরেখা ও বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে মঙ্গলবারও বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত থাকবে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া:
মঙ্গলবার শহরের আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে দু’এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় শহরে ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি:
কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটের সতর্কতা। কাকদ্বীপ-সহ উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ ও গঙ্গাসাগরে পুণ্যার্থীদের স্নানে নিষেধাজ্ঞা জারি। বুধবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে।
উত্তরবঙ্গের পূর্বাভাস:
উত্তরে বৃষ্টি লাগাতার চলবে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। দুই দিনাজপুর, কোচবিহার, কালিম্পং ও মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বুধবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি। শনি ও রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার রাজ্যের দুই প্রান্তেই বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে বুধবার থেকে স্বস্তি মিলবে। তবে উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় পার্বত্য ও নিচু এলাকায় নজরদারি চালানোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
