AMARNATH YATRA : অমরনাথে জঙ্গি হামলা, ডিউটিতে শহিদ জম্মু-কাশ্মীর পুলিশের হেড কনস্টেবল
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথ যাত্রীদের নিরাপত্তায় মোতায়েন পুলিশের ওপর অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা (AMARNATH YATRA)। বুধবারের এই হামলায় গুলিতে নিহত হলেন হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। ঘটনাকে কেন্দ্র করে গোটা উপত্যকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ অনন্তনাগের লালচক এলাকায় রুটিন টহল দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই সময় জঙ্গিরা আচমকা গুলি চালায়। গুলিবিদ্ধ হন ৩৫ বছরের হেড কনস্টেবল আশিক হুসেন কুরেশি। দ্রুত তাঁকে অনন্তনাগ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অনন্তনাগ জেলা অমরনাথ যাত্রার অন্যতম প্রধান রুট (AMARNATH YATRA)। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য এই সময় গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। আবহাওয়ার কারণে যাত্রা সাময়িক স্থগিত থাকলেও নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।
হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ ও সেনার যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, এই কাপুরুষোচিত হামলার যোগ্য জবাব দেওয়া হবে।
অমরনাথ যাত্রার নিরাপত্তা নিয়ে যখন প্রশাসন সর্বোচ্চ সতর্কতা রেখেছে, তখন এই হামলা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। শহিদ জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশমহলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করেছে প্রশাসন।
