আজকের দিনেভারত

Wangchuk’s Hunger Strike : ওজন কমছে দ্রুত, সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল পুলিশ! নিয়ে গেল হাসপাতালে !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, দিল্লি:- ২০ দিনের অনশনে ৯ কিলো ওজন কমে যাওয়ার পর শনিবার ভোরে সোনম ওয়াংচুকের অনশন ভাঙাল দিল্লি পুলিশ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় যন্তর মন্তর থেকে তুলে তাঁকে ভর্তি করা হয়েছে সফদরজং হাসপাতালের জরুরি বিভাগে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ-সহ পাঁচ দাবিতে গত ২০ দিন ধরে যন্তর-মন্তরে অনশন করছিলেন লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক। এই সময়ে তাঁর ৯ কিলো ওজন কমেছে। শরীর দুর্বল হয়ে পড়ায় কথা বলার শক্তিও কমে যায়। চিকিৎসকরা জানিয়েছিলেন, যে কোনও সময় ‘অর্গ্যান ফেলিওর’ হতে পারে।

শনিবারই তাঁর অনশন ২১তম দিনে পড়ার কথা ছিল। সকালে শারীরিক অবস্থার আরও অবনতি হলে পুলিশ তাঁকে একপ্রকার জোর করেই হাসপাতালে নিয়ে যায়।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে ‘প্রয়োজনীয় চিকিৎসার’ জন্য তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এরপর যন্তর মন্তরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে জায়গা ছাড়ার আহ্বান জানায় পুলিশ। আপাতত গোটা এলাকায় বিপুল পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবারই সোনম বলেছিলেন, “ডাক্তারি পরীক্ষা অনুযায়ী শরীর দুর্বল, কিন্তু মৃত্যুর মতো অবস্থা এখনও নয়। দেশবাসীর কাছে আর্জি, ২০ জুলাই সংসদ অভিযান সফল করুন। সফল হলেই অনশন ভাঙব।” কিন্তু তার আগেই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হল।

সোনমের স্বাস্থ্য নিয়ে গোটা দেশ উদ্বিগ্ন। অনশন ভেঙে চিকিৎসা শুরু হলেও আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *