আজকের দিনেখেলা

বাস্তিল দিবসেই শেষ ফরাসি বিপ্লব! এমবাপেদের স্বপ্ন ভেঙে ফাইনালে স্প্যানিশ আর্মাডা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ১৪ জুলাই, বাস্তিল দিবস। ১৭৮৯ সালে এই দিনেই ফরাসি বিপ্লবের সূচনা হয়েছিল। আর ২০২৬-এর ঠিক এই দিনেই বিশ্বকাপ সেমিতে ফরাসি বিপ্লব রুখে দিল স্প্যানিশ আর্মাডা। লামিন ইয়ামালদের তরুণ স্পেন ২-০ গোলে হারিয়ে উঠে গেল ফাইনালে। টানা তৃতীয়বার নকআউটে ফ্রান্সকে হারাল স্পেন।

ম্যাচের আগে ইয়ামাল হুমকি দিয়েছিলেন ফ্রান্সকে দেখে নেওয়ার। মাঠে নেমে সেটাই করে দেখালেন তিনি। শুরু থেকেই দানি ওলমো, রড্রিদের দ্রুত পাস আর মজবুত রক্ষণের সামনে দিশেহারা এমবাপে-দেম্বেলে-ওলিসে ত্রিভুজ। একটা গোলও করতে পারল না ফ্রান্সের ভয়ঙ্কর ত্রিমূর্তি।

মিনিট কুড়িতে দিগনের ফাউলে পেনাল্টি পায় স্পেন। ওয়ারজাবাল গোল করে এগিয়ে দেন। চোট পেয়ে সালিবা মাঠ ছাড়ায় ফ্রান্সের বিপদ আরও বাড়ে। প্রথমার্ধে আরও সুযোগ নষ্ট করে স্পেন। বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে লা রোজা। ৫৮ মিনিটে পোর দুরন্ত গোলে ২-০। যে ফ্রান্স গোটা টুর্নামেন্টে একবারও পিছিয়ে পড়েনি, দু’গোল খেয়ে একেবারে ছন্নছাড়া হয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ফ্রান্স চেষ্টা করলেও স্প্যানিশ রক্ষণে বারবার আটকে যায়। উনাই সিমোন গোললাইন থেকে বেরিয়ে একাধিকবার বাঁচান। শেষদিকে এমবাপেরা লড়াই করলেও চেনা ঝাঁজ ছিল না। অন্যদিকে প্রতিটা ম্যাচে উন্নতি করেছে লুইস দে লা ফুয়েন্তের ছাত্ররা।

অন্যতম ফেভারিট হয়েও বিশ্বকাপ স্বপ্ন শেষ ফ্রান্সের। আর স্পেন পৌঁছে গেল ফাইনালে। এর আগে মাত্র একবারই বিশ্বকাপ ফাইনাল খেলে ২০১০-এ চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। ১৬ বছর পর কি আবার সেই রূপকথা ফিরবে লামিন ইয়ামালদের হাত ধরে? উত্তর মেলার অপেক্ষা এখন শুধু ফাইনালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *