মার্টিনেলির গোলে শিষ্য জাপানকে থামিয়ে শেষ ষোলোয় সেলেসাওরা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে নাটকীয় লড়াই। এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না জাপানের। শিষ্যের শৈল্পিক ফুটবলকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইনজুরি টাইমের গোলে স্বপ্নভঙ্গ সামুরাই ব্লু-দের।
প্রথমার্ধে চমক দেয় জাপান। ২৯ মিনিটে সানোর অনবদ্য গোলে এগিয়ে যায় এশিয়ার প্রতিনিধিরা। নেদারল্যান্ডসকে রুখে দিয়ে শেষ ৩২-এ আসা জাপান বুঝিয়ে দেয়, ‘হাম ভি কিসিসে কম নহি’। কিন্তু দ্বিতীয়ার্ধে খোঁচা খাওয়া বাঘের মতো ঘুরে দাঁড়ায় আন্সেলোত্তির ব্রাজিল। ৫৬ মিনিটে ক্যাসেমিরোর নিখুঁত হেডে সমতা। এরপর জাপানি গোলকিপার সুজুকির একের পর এক দুরন্ত সেভ আর ভিনি জুনিয়রের শট বারে লেগে ফেরা— উত্তেজনা তুঙ্গে। যখন সবাই এক্সট্রা টাইমের অপেক্ষায়, তখনই ইনজুরি টাইমের শেষ লগ্নে মার্টিনেলির জয়সূচক গোল। উল্লেখ্য, জে-লিগের উত্থানে ব্রাজিলের অবদান ঐতিহাসিক। জিকো থেকে দুঙ্গা— গুরুর হাত ধরেই ফুটবলে এগিয়েছে জাপান। সেই গুরু-শিষ্যের লড়াইয়ে শেষ হাসি হাসল গুরুই।
ব্রাজিলের জয় প্রত্যাশিত হলেও জাপানের লড়াই মনে রাখবে ফুটবল দুনিয়া। শেষ মুহূর্ত পর্যন্ত হার না মানা মানসিকতা আর শৈল্পিক ফুটবল দিয়ে মন জিতেছে সামুরাই ব্লু। আন্সেলোত্তির দল শেষ ষোলোয় গেলেও, ২০২৬ বিশ্বকাপে এশীয় ফুটবলের উত্থানের বার্তা দিয়ে গেল জাপান।
