থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে ‘ডিমবৃষ্টি’
কিউ ইন্ডিয়া বাংলা,দিনহাটা: দিনহাটায় নজিরবিহীন ছবি! প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল সরকারের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে চরম উত্তেজনা ছড়াল দিনহাটা থানা চত্বরে। থানা থেকে বের করতেই ‘দাপুটে’ এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গণবিক্ষোভ। উত্তেজিত জনতা তাঁকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি আঁচ করতে পেরে পুলিশ আগেভাগেই উদয়নবাবুর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও জনরোষ এড়ানো যায়নি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় তাঁকে প্রথমে স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে আদালতে নিয়ে যাওয়া হয়।
কলকাতার বাড়ি থেকে গ্রেফতার
প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় বুধবারই কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেফতার হন উদয়ন গুহ। এরপর সড়কপথে আজ, বৃহস্পতিবার তাঁকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। প্রাক্তন মন্ত্রীর থানায় আসার খবর চটজলদি ছড়িয়ে পড়তেই থানার বাইরে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে বহু মানুষ আগে থেকেই পচা ডিম ও জুতো হাতে ক্ষোভে ফুঁসছিলেন।
কড়া নিরাপত্তা, তাও আটকাল না জনরোষ
বিক্ষোভের আঁচ পেয়ে পুলিশও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থানার মূল গেট বন্ধ করে দেয় এবং একেবারে দরজার মুখে প্রিজন ভ্যান এনে দাঁড় করায়। পচা ডিমের হাত থেকে বাঁচাতে উদয়ন গুহকে রীতিমতো হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু প্রিজন ভ্যানটি থানা থেকে বের হওয়া মাত্রই ফেটে পড়ে জনতা। গাড়ি লক্ষ্য করে শুরু হয় দেদার ডিমবৃষ্টি, ছোঁড়া হয় জুতোও। উত্তেজিত জনতা গাড়িটি আটকানোর চেষ্টাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ আধিকারিকদের। পরবর্তীকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়।
রাজ্যে অব্যাহত ‘ডিম থেরাপি’
রাজনৈতিক মহলের মতে, রাজ্যে শাসকদলের নেতাদের লক্ষ্য করে এই ‘ডিম থেরাপি’ নতুন নয়। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। এরপর রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসকদলের বিধায়ক, চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর—বিক্ষুব্ধ জনতার ক্ষোভের মুখে পড়েছেন অনেকেই। এমনকি কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুণাল ঘোষকেও ডিম হামলার মুখে পড়তে হয়েছিল, যা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কোচবিহারের দিনহাটায়।
