আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Nadda-Jahangir : নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ফের তদন্ত শুরু, বিপাকে ফলতার পুষ্পা জাহাঙ্গীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ডায়মন্ডহারবার:- ২০২০ সালে ডায়মন্ডহারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনার নতুন করে তদন্ত শুরু করল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। মূল অভিযুক্ত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে দিয়ে রবিবার ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। পুলিশের দাবি, এফআইআর হলেও আগে তদন্ত ঠিকমতো হয়নি, তাই ছাড় পেয়ে গিয়েছিলেন অভিযুক্তরা।

২০২০ সালে নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এফআইআরে নাম ছিল ফলতার জাহাঙ্গির খানের। পুলিশের দাবি, তদন্তে গাফিলতির জন্য জাহাঙ্গির-সহ অন্য অভিযুক্তরা ছাড় পেয়ে যায়। রাজ্যে পালাবদলের পর নতুন করে তদন্ত শুরু হয়েছে।

রবিবার ফলতায় জাহাঙ্গিরকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এদিন খালি পায়ে, হাফপ্যান্ট-টি-শার্ট পরা জাহাঙ্গিরের কোমরে বাঁধা ছিল দড়ি। পুলিশি পাহারায় হাত জোড় করে, কান ধরে হাঁটতে দেখা যায় ফলতার একসময়ের ‘ত্রাস’কে। রাস্তার পাশে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেন এলাকার বাসিন্দারা।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় দ্বিতীয় দফায় ভোট হয়। ব্যাপক কারচুপির অভিযোগে ভোট বাতিল করে কমিশন। ২১ মে পুনর্নির্বাচনের ঠিক আগেই ভোট থেকে সরে দাঁড়ান তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। স্থানীয়দের দাবি, জাহাঙ্গির না থাকায় তাঁরা নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। ২৪ মে ফল ঘোষণা হয়।

পুনর্নির্বাচনের আগে প্রার্থীপদ প্রত্যাহার করেই কার্যত ‘হাওয়া’ হয়ে যান জাহাঙ্গির। সীমান্ত দিয়ে নেপাল পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

উল্লেখ্য, এবারের ভোটে দক্ষিণ ২৪ পরগনায় বিশেষ দায়িত্বে ছিলেন উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মা। তিনি বেআইনি কাজ বরদাস্ত না করার হুঁশিয়ারি দেন। পাল্টা ‘পুষ্পা’ সিনেমার সংলাপ নকল করে জাহাঙ্গির বলেছিলেন, “ঝুঁকে গা নেহি”। তবে রাজ্যে পালাবদলের আগেই ভোটের ময়দান থেকে পিঠটান দেন তিনি। তৃণমূলেরই অনেকে, এমনকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও জাহাঙ্গিরের বিরুদ্ধে সরব হন।

পুলিশের জালে ধরা পড়ার পর এবার জাহাঙ্গিরকে দিয়ে তাঁর করা বিভিন্ন কুকীর্তির পুনর্নির্মাণ করাচ্ছে পুলিশ। জনতার সামনে হাতজোড় করে, কান ধরে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে দেখা গেল ফলতার একসময়ের ত্রাস জাহাঙ্গির খানকে। নাড্ডার কনভয়ে হামলার নতুন তদন্তে আরও কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *