Women Cricket : বিশ্বকাপে পাক-বধের ধারা অব্যাহত, স্মৃতি-রিচার ব্যাট আর দীপ্তির ঘূর্ণিতে ৬৪ রানে জয় ভারতের !
কিউ ইন্ডিয়া বাংলা, বার্মিংহ্যাম :- বার্মিংহ্যামের এজবাস্টনে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে ফের পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করে স্মৃতি মন্ধানার ৬৮ ও রিচা ঘোষের ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে ৬ উইকেটে ১৭০ রান তোলে হরমনপ্রীত কৌরের দল। জবাবে দীপ্তি শর্মার ৫ উইকেট ও শ্রী চরণীর ৩ উইকেটের স্পিন জাদুতে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ৬৪ রানের বড় জয়ে বিশ্বকাপ অভিযান আরও মজবুত করল টিম ইন্ডিয়া।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। প্রথম বলেই ছক্কা মারা শেফালি বর্মা ফেরেন সাদিয়া ইকবালের বলে। জেমাইমা রডরিগেজও করেন ১ রান। ১৮ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল।
সেখান থেকে ইনিংসের হাল ধরেন স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীত কৌর। উইকেটের অসমান বাউন্স সামলে সিঙ্গল-ডাবলসে স্কোরবোর্ড সচল রাখেন দু’জনে। ১০ ওভারে ভারত পৌঁছয় ৬৫ রানে। এরপরই গিয়ার বদলান স্মৃতি। সাদিয়া ইকবালের এক ওভারে ১৯ রান তুলে ৩৪ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
ভারত যখন বড় রানের দিকে এগোচ্ছে, তখনই আঘাত হানেন পাক অধিনায়ক ফাতিমা সানা। রামিন শামিমের বলে লং-অনে স্মৃতির দুরন্ত ক্যাচ ধরেন তিনি। ৪৪ বলে ৬৮ রানে থামে স্মৃতির ইনিংস। ভাঙে হরমনপ্রীতের সঙ্গে ৯১ রানের জুটি। হরমনপ্রীত করেন ৩৬ রান। ভারতী ফুলমালিকে চারে নামানোর কৌশল কাজে আসেনি, তিনি করেন ১ রান।
শেষ দিকে ঝড় তোলেন বাংলার রিচা ঘোষ। প্রথম বলেই চার মেরে শুরু করে মাত্র ১৭ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। ১৯তম ওভারে ওঠে ২৩ রান। ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান তোলে ভারত।
১৭১ রানের লক্ষ্যে নেমে ভালো শুরু করেন পাক ওপেনার মুনিবা আলি ও গুল ফিরোজা। কিন্তু দীপ্তি শর্মা ফিরোজাকে ফেরাতেই ধস নামে পাক ব্যাটিংয়ে। আয়েশা জাফর ১২, সায়রা জাবিন ২, নাটালিয়া পারভেজ ৭ ও ফতিমা সানা ০ রানে ফেরেন। একা লড়া মুনিবা আলি ৩২ রান করে রানআউট হন।
তিন স্পিনার খেলানোর সুফল পায় ভারত। দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল ও শ্রী চরণীর ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। টানা চার ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেনি তারা। দীপ্তি ৪ ওভারে ১০ রান দিয়ে নেন ৫ উইকেট। শ্রী চরণী ৩টি ও শেফালি ১টি উইকেট পান। ১৮.২ ওভারে ১০৬ রানে শেষ হয় পাকিস্তান।
ব্যাটে স্মৃতি-রিচা ও বলে দীপ্তি-শ্রী চরণীর দাপটে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে আধিপত্য বজায় রাখল ভারত। তিন স্পিনারের কৌশল, মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিং ও শেষের দিকে রিচার ফিনিশিং — সব বিভাগেই টেক্কা দিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে ১৭ জুন, বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে হরমনপ্রীত বাহিনী। পাকিস্তানের বিরুদ্ধে এই জয় শুধু পয়েন্ট টেবিল নয়, মানসিকভাবেও এগিয়ে রাখল ভারতকে।
