আজকের দিনেভারত

চিকেনস নেক-এ চিনের তৎপরতার মধ্যেই নতুন সেনাপ্রধান ঘোষণা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- শিলিগুড়ি করিডর তথা ‘চিকেনস নেক’-এ চিনের তৎপরতার মধ্যেই দেশের নতুন সেনাপ্রধানের নাম ঘোষণা করল কেন্দ্র। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ।

শনিবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৩০ জুন সেনাপ্রধান পদে দায়িত্ব নেবেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ। ওই দিনই অবসর নিচ্ছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ সেনাবাহিনীর উপ সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দক্ষিণ কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। ভারতীয় সেনায় তাঁর অভিজ্ঞতা দীর্ঘ চার দশকের। সীমান্ত সুরক্ষা, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ে তাঁর দক্ষতা রয়েছে।

উল্লেখ্য, শিলিগুড়ি করিডর উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের একমাত্র স্থল যোগাযোগ। মাত্র ২২ কিমি চওড়া এই ‘চিকেনস নেক’-এর উত্তরে চিন, দক্ষিণে বাংলাদেশ। ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় চিনের তৎপরতা নিয়ে উদ্বিগ্ন প্রতিরক্ষা মহল। এই আবহে অভিজ্ঞ সেনা আধিকারিককে সেনাপ্রধান পদে আনা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নতুন সেনাপ্রধানের সামনে বড় চ্যালেঞ্জ চিন সীমান্তে নজরদারি জোরদার করা এবং সেনার আধুনিকীকরণ। ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *