Annapurna Yojana-Purulia : পুরুলিয়ায় অন্নপূর্ণা যোজনার টাকা পুরুষের অ্যাকাউন্টে! ডেটা-ভেরিফিকেশন নিয়ে বড় প্রশ্ন !
কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া :- পুরুলিয়ার রঘুনাথপুরে অন্নপূর্ণা যোজনার মহিলাদের জন্য নির্ধারিত টাকা ভুলবশত একজন পুরুষ স্বদেশপ্রিয় মাহাতো ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তথ্য যাচাই ও ডেটা ব্যবস্থাপনার নির্ভুলতা নিয়ে।
ঘটনার সূত্রপাত গত ৩ দিন আগে স্বদেশপ্রিয় মাহাতো নামে রঘুনাথপুরের এক বাসিন্দা তাঁর রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পাসবই আপডেট করতে যান। সেখানেই হঠাৎ তিনি লক্ষ্য করেন যে গত ৩ জুন তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা জমা পড়েছে। সরকারি এই প্রকল্প সাধারণত মহিলাদের আর্থিক সহায়তার জন্য নির্ধারিত, কিভাবে এই টাকা তার ব্যাংক একাউন্টে এলো,বিষয়টি বুঝতে না পেরে তিনি দ্রুত স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে বুধবার তিনি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে নিজের পাসবইয়ের কপি জমা দিয়ে লিখিতভাবে জানান যে এই টাকা তাঁর নয় এবং তিনি তা ফেরত দিতে প্রস্তুত। তাঁর বক্তব্য, “সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে নির্দেশ দেওয়া হবে, তিনি সেইভাবেই অর্থ ফেরত দেবেন এবং এই বিষয়টি নিয়ে এসডিও-র কাছে লিখিত জমা দিয়েছেন”।
ঘটনাটি সামনে আসতেই,ডেটা এন্ট্রি বা ভেরিফিকেশন প্রক্রিয়ায় কোনও ধরনের ভুলের কারণেই এই অর্থ ভুল অ্যাকাউন্টে পৌঁছে গেছে কিনা তা বিস্তারিতভাবে তদন্ত করে দেখা হচ্ছে। কিছুদিন আগে পর্যন্তও লক্ষ্মীর ভান্ডার জালিয়াতির অভিযোগেও বহু পুরুষকে গ্রেফতার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্নপূর্ণা যোজনার টাকা এক পুরুষের অ্যাকাউন্টে পৌঁছানোর ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে সরকারি ডেটা ইন্ট্রি ও ডেটা ভেরিফিকেশন নিয়ে। কিন্তু সেই ব্যক্তির স্বচ্ছ অবস্থান প্রশাসনের দিক থেকেও প্রশংসা কুড়িয়েছেন।
