আজকের দিনেগ্রীন রুম

রাহুল মৃত্যু মামলা: তদন্তে নামছে ‘সিট’, নির্দেশ PMO-র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালীন জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই মর্মান্তিক ঘটনার পর কেটে গেছে বেশ কিছু সময়। সময়ের নিয়মে টলিপাড়ার ক্ষোভ কিছুটা থিতিয়ে পড়লেও, রাহুলের মৃত্যুরহস্য উদঘাটনে এবার নজিরবিহীন পদক্ষেপ নিল দেশের প্রধানমন্ত্রীর দপ্তর  ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ওড়িশার মুখ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যসচিবকে সরাসরি নির্দেশ দিয়েছে পিএমও।

কেন দানা বাঁধছে রহস্য?

শুরু থেকেই রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। শুটিং ইউনিটের সদস্যদের দেওয়া বয়ানের সঙ্গে পুলিশের হাতে আসা সিসিটিভি বা ভিডিও ফুটেজের তথ্যে মিলেছে চরম অসঙ্গতি। ফলে এটি কেবলই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ—তা নিয়ে প্রশ্ন উঠছে।

মোদির দ্বারস্থ সিনে অ্যাসোসিয়েশন

অভিনেতার মৃত্যুর পর থেকেই শুটিং সেটে তারকাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছিল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’  সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা এবং মৃতের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিল তারা। সম্প্রতি তদন্তের গতি বাড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হন সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত।

সংগঠনের মূল অভিযোগ: ধারাবাহিকের শুটিং চলাকালীন ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। একাধিক নিয়ম ও নির্দেশিকা লঙ্ঘন করার জেরেই প্রাণ হারাতে হয়েছে তরুণ এই অভিনেতাকে।

‘সিট’ গঠনের দাবি ও পরবর্তী পদক্ষেপ

প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। পিএমও-র হস্তক্ষেপের পর ওড়িশা প্রশাসন এখন এই মামলার তদন্তে কতটা তৎপর হয়, সেটাই দেখার। এদিকে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ঘটনার চুলচেরা বিশ্লেষণের জন্য একটি ‘স্পেশাল ইনভেস্টিগেশন টিম’বা বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এই সরাসরি হস্তক্ষেপের পর, ধামাচাপা পড়ে যাওয়া রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতদন্ত যে আবার নতুন করে গতি পাবে, তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *