আজকের দিনেআবহাওয়াতিলোত্তমাবাংলার আয়না

Weather : জোড়া ঘূর্ণাবর্তের জোরে বদলাবে আবহাওয়া, ভিজবে দক্ষিণবঙ্গের ৯ জেলা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ দক্ষিণবঙ্গে স্বস্তির বৃষ্টির দেখা মিলতে চলেছে। কয়েকদিন ধরে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। তারই মাঝে সুখবর শোনাল আবহাওয়া দফতর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে।

আজ শনিবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে সংশ্লিষ্ট জেলাগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পূর্ব ও উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় সক্রিয় রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অঞ্চলের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় আরেকটি উর্ধ্ববায়ু ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার যৌথ প্রভাবেই বাংলার আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

শনিবার শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আজ শনিবার কিছু জেলায় ভারী বৃষ্টি ও কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে এই বৃষ্টি গরম থেকে সম্পূর্ণ মুক্তি দেবে না। কারণ বৃষ্টির পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকবে। ফলে অনেক জায়গায় ভ্যাপসা গরমের পূর্বাভাস রয়েছে।

আগামীকাল অর্থাৎ রবিবারও বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে সপ্তাহান্তে বাইরে বেরোলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *