আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Asit Majumder : ফের জেলেই অসিত মজুমদার: ধর্ষণের চেষ্টার মামলায় ১৪ দিনের হেফাজত !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- জামিনের দরজায় দাঁড়িয়েও মুক্তি মিলল না। ২০২৩ সালের ধর্ষণের চেষ্টার মামলায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল চুঁচুড়া আদালত।

চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের এক যুবতীর অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছিল অসিত মজুমদারের বিরুদ্ধে। সেই মামলাই এবার নতুন করে যুক্ত হয়েছে। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী ১৯ জুন এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, গত ৩০ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় রাস্তা অবরোধের জেরে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় অসিত-সহ দশ জন গ্রেপ্তার হন। বৃহস্পতিবার সাত জন জামিন পেলেও অসিত মজুমদার, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা ও তৃণমূল নেতা মির্জা সানোয়ারের বিরুদ্ধে তোলাবাজির মামলা থাকায় তাঁরা জেলে যান। শুক্রবার পার্থ ও মির্জার জামিন মঞ্জুর হলেও ধর্ষণের চেষ্টার নতুন মামলায় আটকে গেলেন অসিত।

তোলাবাজি থেকে রাস্তা অবরোধ, এবার ধর্ষণের চেষ্টা। একের পর এক মামলায় জড়িয়ে আইনি জালে ক্রমশ জড়াচ্ছেন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। ১৯ জুনের শুনানিই ঠিক করে দেবে তাঁর আপাতত মুক্তি মিলবে, নাকি আরও দীর্ঘ হবে জেলবাস। আপাতত রাজনৈতিক মহলের নজর চুঁচুড়া আদালতের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *